Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এইচ-১বি ভিসার জন্য চাকরি হারিয়েছেন বহু মার্কিন কর্মী, সাফাই দিল হোয়াইট হাউস

এইচ-১বি ভিসার ফি ১০০০ ডলার থেকে বেড়ে ১ লক্ষ ডলার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এই ঘোষণায় সবচেয়ে বিপাকে পড়বেন ভারতীয় টেককর্মীরা।

এইচ-১বি ভিসার জন্য চাকরি হারিয়েছেন বহু মার্কিন কর্মী, সাফাই দিল হোয়াইট হাউস
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

ওয়াশিংটন: এইচ-১বি ভিসার ফি ১০০০ ডলার থেকে বেড়ে ১ লক্ষ ডলার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এই ঘোষণায় সবচেয়ে বিপাকে পড়বেন ভারতীয় টেককর্মীরা। এইচ-১বি ভিসার মাধ্যমেই ভারতীয়দের নিয়োগ করে থাকে টেক সংস্থাগুলি। ভিসাধারীদের অর্ধেকের বেশিই ভারতীয়। তাই ভারতীয়দের প্রতি বিদ্বেষবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চর্চা চলছে। এই অবস্থায় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রাণপণ বোঝানোর চেষ্টা শুরু হয়েছে, দেশীয় কর্মীদের স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে রীতিমত ‘ফ্যাক্টশিট’ প্রকাশ করে তুলে দেওয়া হয়েছে ভিসা প্রদান ও মার্কিন নাগরিকদের চাকরি হারানোর পরিসংখ্যান।

Advertisement

শনিবার প্রকাশিত ফ্যাক্টশিটে দাবি করা হয়েছে, ২০০৩ অর্থবর্ষে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৩২ শতাংশ এইচ-১বি ভিসাধারী ছিলেন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ শতাংশ। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘২০২৫-২৬ অর্থবর্ষে একটি টেক ফার্মকে ৫ হাজার ১৮৯টি এইচ-১বি ভিসার অনুমোদন দেওয়া হয়েছিল। আর এরা ১৬ হাজার কর্মী ছাঁটাই করে। অন্য একটি সংস্থাকে ১ হাজার ৬৯৮টি এইচ-১বি ভিসার অনুমোদন দেওয়া হয়। তারা ২ হাজার ৪০০ মার্কিন কর্মীকে কাজ থেকে বসিয়ে দেয়। একটি সংস্থা আবার ২০২২ সাল থেকে ২৫ হাজার ৭৫টি এইচ-১বি ভিসার অনুমোদন পেয়েছে। তারা ২৭ হাজার মার্কিন কর্মীকে ছাঁটাই করেছে।’ ফ্যাক্টশিটে আরও একটি সংস্থার উল্লেখ করা হয়েছে। ২০২৫-২৬ অর্ষবর্ষে তারা ১ হাজার ১৩৭টি এইচ-১বি ভিসার অনুমোদন পেয়েছিল। আর হাজার মার্কিন কর্মী কমিয়েছে।  হোয়াইট হাউস জানিয়েছে, ‘মার্কিন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতায় বসিয়েছেন ভোটাররা। তিনি প্রতিদিন সেই দায়িত্ব পালন করে চলেছেন। কর্মসংস্থান এবং বিনিয়োগ যাতে আমেরিকায় ফিরে আসে, তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট।’

Advertisement
সম্পর্কিত সংবাদ