Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আশ্বাস না পেয়ে পুরোনো চাকরিতেই ফিরছেন যোগ্য চাকরিহারাদের অনেকে

বিকাশ ভবন থেকে সাড়া না পেয়ে অগত্যা পুরোনো চাকরিতেই যোগ দেওয়ার কথা ভাবছেন এসএসসির যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ।

আশ্বাস না পেয়ে পুরোনো চাকরিতেই ফিরছেন যোগ্য চাকরিহারাদের অনেকে
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিকাশ ভবন থেকে সাড়া না পেয়ে অগত্যা পুরোনো চাকরিতেই যোগ দেওয়ার কথা ভাবছেন এসএসসির যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। ২০১৬ এসএলএসটি’তে চাকরি পেয়ে তা সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন এই প্রার্থীরা। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের চাকরির মেয়াদ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এর মধ্যে অনেকে আগে থেকে কোনও না কোনও সরকারি চাকরি করতেন। আদালতের নির্দেশে তাঁদের সেখানে ফেরানোর প্রক্রিয়া চলছে। 

Advertisement

তবে, ২০১৬ এসএলএসটিতে পাওয়া চাকরির মেয়াদ বৃদ্ধি হওয়ায় যাঁরা পুরোনো চাকরিতেই থেকে যেতে চাইছিলেন, তাঁরা বিকাশ ভবন এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি ছিল, তাঁরা আপাতত বর্তমান চাকরিই করে যেতে চান। ৩১ আগস্টের পরে তাঁরা পূর্ববর্তী চাকরিতে ফিরতে চাইছিলেন। তবে এনিয়ে সরাসরি কোনও জবাব মেলেনি বিকাশ ভবনের তরফে। বিষয়টি নিয়ে বিকাশ ভবনে রীতিমতো তদ্বির করেছেন পিন্টু বেরা। তাঁর বক্তব্য, বিকাশ ভবনের তরফে সাড়া না ঩পেয়ে তাঁরা হতাশ। তাই ৩১ ডিসেম্বরের মধ্যে পুরোনো চাকরিতেই ফিরে যাচ্ছেন তাঁরা। এতে অনেক সমস্যা হবে। তবে যাতে আগের চাকরিও চলে না যায়, সেই আশঙ্কাতেই ফিরতে হবে তাঁদের।
 শীতকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুললে সেখানে এনিয়ে আবেদনের পরিকল্পনাও করা হচ্ছে।তবে বিকাশ ভবন সূত্রে যা খবর, তাতে কিন্তু এখনও আশা রয়েছে এই প্রার্থীদের। এক আধিকারিক বলেন, ‘এই প্রার্থীদের বিষয়টি ল সেকশনে আইনি পর্যালোচনার জন্য গিয়েছে। সেখান থেকে ইতিবাচক পরামর্শ এলেই প্রার্থীদের আবেদনের ভিত্তিতে বর্তমান চাকরিতেই ছ’মাস কাজ চালানোর নির্দেশ দেওয়া হবে। তাছাড়া, ৩১ ডিসেম্বরে মধ্যে কেউ কাজে যোগ না দিলেও সেই পোস্টটি ক্লোজ করা হচ্ছে না। ফলে প্রার্থীদের এখনই নিরাশ হওয়ার কারণ নেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ