Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

থাইল্যান্ডের কাছে হার, প্রশ্নের মুখে মানোলোর দল নির্বাচন

: ক্লাব ফুটবলে তাঁরা সকলেই তারকা। খেলেন দেশের সেরা ক্লাবের জার্সিতে। অথচ জাতীয় দলের হয়ে মাঠে নামলে গোল করা তো দূরের কথা, সামান্য দু’টি পাসও সোজা খেলতে পারেন না লিস্টন-মনবীররা।

থাইল্যান্ডের কাছে হার, প্রশ্নের মুখে মানোলোর দল নির্বাচন
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

থাইল্যান্ড- ২        :           ভারত- ০

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্লাব ফুটবলে তাঁরা সকলেই তারকা। খেলেন দেশের সেরা ক্লাবের জার্সিতে। অথচ জাতীয় দলের হয়ে মাঠে নামলে গোল করা তো দূরের কথা, সামান্য দু’টি পাসও সোজা খেলতে পারেন না লিস্টন-মনবীররা। বরং কোচের ভুল স্ট্র্যাটেজি ও দল নির্বাচনের খেসারত গুণেই চলেছে ভারত। বুধবার ফিফা ফ্রেন্ডলিতে থাইল্যান্ডের কাছে ০-২ গোলে বশ মানল মানোলো মার্কুয়েজের ছেলেরা। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে এই পারফরম্যান্স রীতিমতো চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। ম্যাচে বিজয়ী দলের হয়ে জাল কাঁপান বেন ডেভিড ও পোরামেট আর্জভিরাই।
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য কলকাতায় দু’সপ্তাহের আবাসিক শিবির করেছেন সুনীলরা। দু’টি অনুশীলন ম্যাচও খেলেন তাঁরা। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা থাইল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সেই প্রস্তুতি যথেষ্ট ছিল না, তা বুধবারের পারফরম্যান্স চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আশিক কুরুনিয়ানকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলিয়ে দল নির্বাচনে যে গিমিক দিতে চেয়েছিলেন মানোলো, তা কাজে দেয়নি। বরং রক্ষণের ব্যর্থতায় শুরুতেই গোল হজম করে ভারত। ৯ মিনিটে থাইল্যান্ডকে এগিয়ে দেন বেন ডেভিড (১-০)।
ম্যাচে পিছিয়ে পড়ে লড়াইয়ে ফেরার সুযোগ এসেছিল ভারতের সামনে। কিন্তু বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো তা হেলায় হারালেন লিস্টনরা। প্রথমার্ধের সংযোজিত সময় প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ তিনি। এরপর দ্বিতীয়ার্ধে থাইল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান পোরামেট (২-০)। অবসর ভেঙে জাতীয় দলে ফেরা সুনীলও ছিলেন নিষ্প্রভ। এরপরই প্রশ্ন উঠছে, দিনের পর দিন এমন পারফরম্যান্সের জন্যই কি জামাই আদর করে তাঁকে দলে ফিরিয়েছিলেন কোচ মার্কুয়েজ। বরং সেই জায়গায় সুহেল ভাট, ব্রেন্ডন ফার্নান্ডেজদের সুযোগ দিলে আখেরে ভারতীয় ফুটবলের লাভ হতো। ছ’দিন বাদেই হংকংয়ের মুখোমুখি হবে ভারত। ধারেভারে অনেকটাই পিছিয়ে তারা। তবুও কি ঘুরে দাঁড়াতে পারবে মানোলো ব্রিগেড, সংশয় থাকছেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ