নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ভালো চাকরি দেওয়ার নাম করে বাংলাদেশি যুবতীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় এক যুবককে দোষী সাব্যস্ত করল আদালত। যুবকের নাম চিত্তরঞ্জন পাত্র। বাড়ি ওড়িশায়। মঙ্গলবার শিয়ালদহের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক পর্ণা ভট্টাচার্য জামিনে থাকা এই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। আজ, বুধবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। এই গণধর্ষণ মামলায় প্রমাণের অভাবে তিন অভিযুক্ত যুবককে এদিন বেকসুর খালাস দেয় আদালত। সরকারি কৌঁসুলি অসীম কুমার জানান, ২০১৬ সালে এই ধর্ষণের ঘটে কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার একটি হোটেলে। যুবতী হোটেল থেকে বেরিয়ে পার্ক সার্কাস সাতমাথার মোড়ে থাকা কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানান। বেনিয়াপুকুর থানায় যুবতী ধর্ষণের অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর পুলিশ চার অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করে। এরপর পুলিশ তদন্তে নেমে একে একে অভিযুক্তদের পাকড়াও করে। যুবতী শিয়ালদহ আদালতের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) কাছে গোপন জবানবন্দি পেশ করেন। ফরেন্সিক রিপোর্ট হাতে আসার পর পুলিশ শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে। দীর্ঘ শুনানির শেষে সম্প্রতি রায়দানের দিন এক অভিযুক্ত গরহাজির থাকেন। পরে কোর্টে আইনজীবী মারফত ওই অভিযুক্ত আত্মসমর্পণ করেন। এদিন চার অভিযুক্ত একত্রে হাজির হলে বিচারক অভিযুক্ত চিত্তরঞ্জনকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করেন। বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের এই গণধর্ষণের মামলা থেকে খালাস দেওয়া হয়।



