Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ধর্মতলায় মমতার ধরনা, মঞ্চে বঞ্চিত বৈধ ভোটার, এসআইআরে মৃতদের পরিবারও

বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় আজ, শুক্রবার পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে ধরনা-অবস্থান কর্মসূচি নিয়েছেন তিনি।

আজ ধর্মতলায় মমতার ধরনা, মঞ্চে বঞ্চিত বৈধ ভোটার, এসআইআরে মৃতদের পরিবারও
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় আজ, শুক্রবার পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে ধরনা-অবস্থান কর্মসূচি নিয়েছেন তিনি। এই কর্মসূচিতে মমতার পাশে থাকবেন এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় বাদ পড়া ভোটাররা। ধরনা মঞ্চে থাকবেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও। 

Advertisement

এর আগে বারংবার দেখা গিয়েছে, সাধারণ মানুষের স্বার্থে পথে নেমেছেন বাংলার অগ্নিকন্যা। মানুষের উপর অত্যাচার হলে, মানুষের উপর আঘাত এলে, মানুষকে বঞ্চনা করা হলে বারবার গর্জে উঠেছে মমতার কণ্ঠস্বর। সেই সূত্রে আবারও বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে ধরনা-অবস্থান কর্মসূচি নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ঘটনাচক্রে মমতার এই কর্মসূচি সেই ঐতিহাসিক ধর্মতলার মেট্রো চ্যানেলে। যেখানে আজ থেকে ২০ বছর আগে ২০০৬ সালে সিঙ্গুরে জোরপূর্বক কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে অনশন কর্মসূচি করেছিলেন মমতা। সেই ঐতিহাসিক মেট্রো চ্যানেলে আবারও ধরনা-কর্মসূচি নিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে শহরের ঐতিহাসিক প্রাণকেন্দ্রে মমতার ধরনা কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় মধ্যে দিয়ে মানুষের ভোটাধিকার হরণের চক্রান্ত করেছে বিজেপি ও তার সহকারী সংস্থা নির্বাচন কমিশন। 
ভোটার তালিকায় বিচারাধীন থাকা এখনো পর্যন্ত ৬০ লক্ষ বাংলার মানুষের ভোট প্রদানের ভাগ্য ঝুলে রয়েছে। তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, সেই আশঙ্কা রয়েছে। তার আগে যে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকায় বাদ পড়েছে, তার মধ্যে ‘বৈধ ভোটার’ রয়েছেন বলে তথ্য সামনে এসেছে। দেখা গিয়েছে, কমিশনের ভোটার তালিকায় ‘মৃত’ বলা হয়েছে, এমন প্রচুর সংখ্যক ভোটার বাস্তবে ‘জীবিত’ রয়েছেন। যাঁরা বৈধ ভোটার, কিন্তু কমিশনের তালিকায় বাদ পড়েছেন বলে অভিযোগ, তাঁদের মধ্যে কয়েকজন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে হাজির থাকতে চলেছেন। এই মঞ্চ থেকেই বিজেপি ও নির্বাচন কমিশনকে এক সুরে মমতা নিশানা করবেন বলেই রাজনৈতিক মহলের মত। অপরিকল্পিত এসআইআরের বিরুদ্ধে মমতার কণ্ঠস্বর আজ সপ্তমে উঠবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে অনেকেরই কৌতূহল, মমতার ধরনা-অবস্থান কর্মসূচি শুধুমাত্র আজ থাকবে নাকি আরো কয়েকদিন চলতে পারে। পরবর্তী কর্মসূচি আজ মমতা ঘোষণা করবেন। 
আজকের কর্মসূচির আগে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন। সেখানে প্রশ্নোত্তর পর্বে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। সেখানে মমতা বলেন, বিজেপিকে ছক্কা মেরে মাঠের বাইরে বের করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ