নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশ সবার আগে। দেশের সুরক্ষায় সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ। আজ, মঙ্গলবার বিধানসভার অধিবেশনে এই বার্তাই তুলে ধরতে চলেছে সরকারপক্ষ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। তাঁর নির্দেশমতো বিধানসভার অধিবেশনে এ বিষয়ে বক্তব্য রাখবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা। তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর, মোসারফ হোসেনকেও বক্তব্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি তথা বিরোধী শিবির থেকে বিরোধী দলনেতা এবং বিজেপির তিনজন বিধায়কের বক্তব্য রাখার কথা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একটি প্রস্তাব উত্থাপন করবেন। তার উপরই বক্তব্য রাখবেন সরকার ও বিরোধী পক্ষের বিধায়করা। অধ্যক্ষের তরফে আনা ওই প্রস্তাবে কেন ‘অপারেশন সিন্দুর’ শব্দবন্ধের উল্লেখ নেই, তা নিয়েও তৃণমূলকে নিশানা করেছে বিজেপি পরিষদীয় দল। তবে তৃণমূল শিবিরের স্পষ্ট বক্তব্য, সেনাবাহিনীকে সম্মান জানানোই বড় কথা। সোমবার থেকে বিধানভার অধিবেশন শুরু হয়েছে। এদিন শোকপ্রস্তাব পাঠের পর মুলতুবি হয়ে যায় অধিবেশন। প্রয়াত বিধায়ক তাপস সাহা সহ বিশিষ্টদের প্রয়াণে শোক জ্ঞাপন করা হয়। তবে শোক প্রস্তাবে অনেকের নাম না থাকা নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী শিবির।



