বিনিয়োগ করা টাকা ফেরতের টোপ দিয়ে ডেকে অপহরণ, ধৃত ৩
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাকা ফেরত দেবে বলে ধর্মতলায় ডেকে এক মাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে। ব্যবসায়ী সজলকান্তি জানার পরিবারের থেকে মুক্তিপণ বাবদ দু’লক্ষ টাকাও নিয়েছে অপহরণকারীরা। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানা তদন্তে নেমে ওই রাতেই রিজেন্ট পার্ক এলাকার পূর্ব পুঁটিয়ারি থেকে সজলকান্তিকে উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে সম্রাট চৌধুরী সহ তিনজনকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সজলকান্তি ও তাঁর দুই বন্ধুর পরিচয় হয়েছিল সম্রাটদের সঙ্গে। তখন সম্রাট বলেছিল, তাদের কাছে বিনিয়োগ করলে অল্পদিনেই দ্বিগুণ টাকা ফেরত পাবে। এরপর তিন বন্ধু প্রায় কোটি টাকা বিনিয়োগ করে বসেন। নির্দিষ্ট সময়ের পর টাকা ফেরত চাইলেও তা পাননি তাঁরা। বারবার চাপ দেওয়ার পর সজলের বন্ধু নন্দগোপাল ঘোষ ও অরিন্দম দাসকে টাকা ফেরত দেওয়া হবে বলে দু’দিন আগে ডেকে পাঠানো হয় কলকাতায়। তাঁরা সেখানে এলে তাঁদের অপহরণ করে সম্রাটের ভাড়া বাড়িতে আটকে রাখা হয়। তারপর এই ফাঁদে ফেলে সজলকেও অপহরণ করে অভিযুক্তরা। মুক্তিপণের টাকা পাঠাতে বলে ওই দুই বন্ধুর অ্যাকাউন্টে। সেখান থেকে টাকা তুলে নেয় অভিযুক্তরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে যে গাড়িতে সজলকে তোলা হয়েছিল, সেটিকে চিহ্নিত করে পুলিশ। এরপর মোবাইলের সূত্র ধরে রিজেন্ট পার্ক এলাকায় হানা দিয়ে সজলকে উদ্ধার করে তারা। দেখা যায়, সেখানে সজলের দুই বন্ধুকেও অপহরণ করে আটকে রাখা হয়েছে। তাঁদেরও উদ্ধার করে পুলিশ।