যাদবপুরে পোষ্য খুন: ধৃতের জামিনের আবেদন বাতিল
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরে দু’টি পোষ্য কুকুর খুনের অভিযোগে ধৃত সঞ্জীব ভট্টাচার্যের জামিনের আবেদন নাকচ করে দিল আদালত। বৃহস্পতিবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত অভিযুক্তকে দু’দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি সাজ্জাদ আলি খান এদিন ধৃতের জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত ‘অমানবিক’। তদন্ত চলছে। তাই ধৃতের জামিন নাকচ করা হোক। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী সুব্রত সর্দার বলেন, ‘মামলায় নতুন কোনো অগ্রগতি নেই। তাই যে কোনো শর্তে আমার মক্কেলের জামিনের আবেদন মঞ্জুর করা হোক।’ উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দিয়ে অভিযুক্তকে দু’দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি মামলার অগ্রগতির বিষয়ে তদন্তকারী পুলিশ অফিসারকে আগামী শুনানির দিন কেস ডায়েরি কোর্টে পেশ করার নির্দেশ দেন। প্রসঙ্গত, অভিযোগ ছিল, যাদবপুর এলাকায় এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় সেই আক্রোশে প্রেমিকার বাড়ির পোষ্য দু’টি কুকুরকে খুনের অভিযোগ ওঠে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।

Advertisement