নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তপসিয়ায় স্ত্রীকে মারধর ও তাঁর গর্ভজাত সন্তানকে নষ্ট করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্ত স্বামীকে। তার নাম শুভদীপ পাল। শুক্রবার ধৃতকে শিয়ালদহ আদালতে হাজির করা হয়। বিচারক সুলতান মামুদ তাঁকে একদিনের পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। মুখ্য সরকারি কৌঁসুলি সোমা বিশ্বাস ধৃতের জামিনের বিরোধিতা করেন। আদালতে তাঁর দবি, পণের জন্য স্ত্রীর উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ তদন্ত চালাচ্ছে, তাই এই সময় ধৃতের জামিন দেওয়া ঠিক হবে না। অন্যদিকে, ধৃতের তরফে যে কোনো শর্তে জামিনের আবেদন জানানো হয়। বিচারক মামলার নথিপত্র খতিয়ে দেখে অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাঁকে পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।



