নিজস্ব প্রতিনিধি, বরানগর: স্বামীর মৃত্যু হয়েছে চেন্নাইয়ের নার্সিংহোমে। তারপর কলকাতায় ফিরে আসেন স্ত্রী ও তাঁর আত্মীয়রা। বিরাটি বাজারে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন সদ্য বিধবা ওই বাংলাদেশি মহিলা। এর মধ্যে নতুন করে বিপদ নেমে আসে তাঁর জীবনে। তাঁর পাসপোর্ট ও অন্যান্য নথি সহ ব্যাগ চুরি যায় বিরাটি বাজার থেকে। এরপর নিমতা থানায় হন্যে হয়ে ঘুরলেও পুলিশ জেনারেল ডায়েরি (জিডি) নেয়নি বলে অভিযোগ। এখন নিমতায় ওই আত্মীয়ের বাড়িতে চরম দুঃশ্চিন্তায় দিন কাটছে বাংলাদেশি এই গৃহবধূর। আর্থিক সংকটের পাশাপাশি দ্রুত ভিসার মেয়াদ শেষ হতে চলায় ফের আইনি জটিলতায় জড়াতে পারেন, এই আশঙ্কাও পিছু ছাড়ছে না তাঁর। বাংলাদেশের তপোবাগ এলাকার বাসিন্দা শম্পারানি সেন। তাঁর স্বামীর নাম পৃথ্বীশ সেন। পৃথ্বীশবাবু কিডনি ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য গত ১৯ জুন শম্পাদেবী স্বামীকে নিয়ে নিমতার মাসির বাড়িতে এসে ওঠেন। এরপর চেন্নাইয়ের এক নামকরা হাসপাতালে স্বামীকে ভরতি করেন। প্রায় দু’মাস সেখানে চিকিৎসার পর গত ১৮ সেপ্টেম্বর তিনি মারা যান। চেন্নাইয়ের শ্মশানে পৃথ্বীশবাবুর দেহ দাহ করিয়ে আত্মীয়রা ৩৯ বছর বয়সি গৃহবধূকে নিয়ে নিমতায় ফিরে আসেন। শোকে মুহ্যমান ওই গৃহবধূকে আত্মীয়রা তাই দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে চাননি। তাঁরা ভেবেছিলেন, পুজোর পর তাঁকে বাংলাদেশে পাঠাবেন। গত ৪ নভেম্বর বিরাটি বাজারে আত্মীয়দের সঙ্গে ওষুধ ও অন্যান্য সামগ্রী কিনতে গিয়েছিলেন শম্পাদেবী। সেখানে তাঁর ব্যাগ চুরি যায়। ওই ব্যাগেই পাসপোর্ট সহ অন্যান্য নথি ছিল। তারপর থানায় জিডি করতে দিনের পর দিন গেলেও কোনো লাভ হয়নি। শম্পাদেবীর মাসতুতো বোন সোমা পাল বলেন, প্রথমে থানায় গেলে পুলিশ বলে, আপনার ব্যাগ ট্রেনে হারিয়েছে। জিআরপিতে অভিযোগ করুন। পরের দিন থানায় গেলে বলা হয়, কোর্টের এফিডেভিট লাগবে। আইনজীবী বলছেন, এই কেসে এফিডেবিট লাগে না। নোটারি করা হয়েছে। পাসপোর্টের ফোটোকপি সহ সমস্ত নথি রয়েছে। বাংলাদেশ হাই কমিশন জিডির কপি চাইছে। আমরা দিনের পর দিন থানায় ঘুরলেও পুলিশ জিডি নিচ্ছে না। পুলিশ জানিয়েছে, বিদেশি নাগরিক হওয়ায় এফিডেভিট চাওয়া হয়েছিল। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ করা হবে।



