নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের সল্টলেকে অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে করুণাময়ী আবাসনের ডি ১৯/১১ ফ্ল্যাটে। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। ঘরের ভিতরে আটকে পড়েন মা ও মেয়ে। মাকে কোনোরকমে বার করা সম্ভব হলেও ১৯ বছরের মেয়ে সেখানে আটকে পড়েন। উদ্বেগ-আতঙ্কে ডি ১৯ এবং আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা ঘর ছেড়ে নীচে নেমে আসেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অগ্নিকাণ্ডের জেরে ফ্ল্যাটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালা দিয়ে আগুনের শিখা ও ধোঁয়া বার হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দমকল আগুন নেভাতে সক্ষম হলেও প্রচণ্ড ধোঁয়ার জেরে ঘরে আটকে থাকা যুবতীকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়। ল্যাডার, গ্যাস কাটার দিয়ে জানালার গ্রিল কেটে তাঁকে উদ্ধারের চেষ্টা চলে। তাঁর মা জানিয়েছেন, বাড়িতে কারেন্ট ছিল না। তাই, মেয়ে মোমবাতি জ্বালাতে গিয়েছিল। তখনই কোনোভাবে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ পর জানালার গ্রিল কেটে মেয়েকে উদ্ধার করেন দমকল কর্মীরা। মা ও মেয়ে দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে ঘটনাস্থলে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পুলিশ এসে ফ্ল্যাটটি সিল করে দিয়েছে। ঘটনাস্থলে দমকল।- নিজস্ব চিত্র



