Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃহস্পতিবার সমাবেশ, ছাত্র রাজনীতির পাঠ দেবেন মমতা, শিক্ষায় গৈরিকীকরণের প্রতিবাদ, পড়ুয়া-স্বার্থে আন্দোলনের বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন। ছাত্রস্বার্থে কোন ইস্যুতে আন্দোলন করতে হয়, তা অনেকের থেকে ঢের ভালো বোঝেন তিনি।

বৃহস্পতিবার সমাবেশ, ছাত্র রাজনীতির পাঠ দেবেন মমতা, শিক্ষায় গৈরিকীকরণের প্রতিবাদ, পড়ুয়া-স্বার্থে আন্দোলনের বার্তা
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন। ছাত্রস্বার্থে কোন ইস্যুতে আন্দোলন করতে হয়, তা অনেকের থেকে ঢের ভালো বোঝেন তিনি। ছাত্র নেতাদের কোন বিষয়গুলি করা উচিত নয় বা ছাত্র সুলভ নয়, সেটাও জানেন তিনি। এই সামগ্রিক প্রেক্ষাপটে বৃহস্পতিবার কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো।

Advertisement

আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনটিতেই ধর্মতলায় ছাত্র সমাবেশ করে থাকে তৃণমূল। এবারও সমাবেশের প্রস্তুতি চলছে জোরকদমে। মেয়ো রোডের সামনে মঞ্চ বাঁধা হচ্ছে। শহরজুড়ে পোস্টার, হোর্ডিং দেওয়ার কাজ চালাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। রাজ্যের প্রতিটি জেলা থেকে ছাত্র-ছাত্রীরা আসবেন সমাবেশে যোগ দিতে। ওই সমাবেশ থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ রাজনৈতিক দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। যেখানে তরুণ প্রজন্মের প্রতিনিধিস্বরূপ কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বড় ভূমিকা থাকবে। সে-সম্পর্কে বার্তা দেবেন মমতা। বিধানসভা ভোটের প্রচারে ছাত্র-ছাত্রীদের কোন বিষয়গুলিকে তুলে ধরতে হবে, সেটাও জানাবেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, দক্ষিণ কলকাতা ল’কলেজে ধর্ষণের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। ইতিমধ্যে তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিস। ওই ঘটনার তৃণমূলের ছাত্র সংগঠনের দিকে বিরোধীরা চড়া সুরে সরব হয়। এই প্রেক্ষাপটে তৃণমূলের ছাত্র সংগঠনকে আগামী দিনে চলার পথে সুনির্দিষ্ট নির্দেশ মমতা দেবেন বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেতৃত্ব বলছেন, বর্তমান ছাত্র সংগঠনকে আন্দোলনের ইতিহাস ভালো করে পড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন জানতে হবে। বাংলায় এর আগে কী ধরনের ছাত্র আন্দোলন হয়েছিল, সেগুলি বিস্তারিতভাবে জানতে হবে। এখনকার ছাত্র-ছাত্রীদের সামনে সমস্যাগুলিকে চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে। ছাত্র স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী উন্নয়নমূলক পদক্ষেপ করেছে সেগুলি যেমন জানতে হবে। তেমনই কেন্দ্রের সরকার শিক্ষা ব্যবস্থায় গৈরিকীকরণের যে চেষ্টা করছে, সে-বিষয়েও সরব হতে হবে ছাত্র-ছাত্রীদের।
এবারের ছাত্র সমাবেশকে সফল করার জন্য একমাস ধরে জেলায় জেলায় প্রচার চালিয়েছে টিএমসিপি। কলেজ, বিশ্ববিদ্যালয়ের গেটে গেটে মিটিং করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, এবার সর্ববৃহৎ ছাত্র সমাবেশ হতে চলেছে। কমপক্ষে দু’লক্ষ ছাত্র-ছাত্রী উপস্থিত হবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ