অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যাবেন না, তাই বিমানে হাইজ্যাক হুমকি! গ্রেপ্তার সোদপুরের পার্থপ্রতীম
  • ১২ নভেম্বর, ২০২৬ ১৩:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ত্রী এবং স্বামী দু’জনেই ক্যানসার আক্রান্ত। এই অবস্থায় স্ত্রীকে ছেড়ে বিদেশ যাবেন না, তাই বিমানে দিলেন ভুয়ো হাইজ্যাক হুমকি। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সোদপুরের বাসিন্দা পার্থপ্রতীম নন্দী। এছাড়াও তাঁর অভিযোগ, জোড় করে তাঁকে কাজের সূত্রে আফ্রিকা পাঠানো হচ্ছিল, তাই তিনি সেই পথ বেছে নেন।

Advertisement

ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বিমানের শৌচাগার থেকে চিরকুটে লেখা হাইজ্যাকের খবরে গোটা দেশজুড়ে আতঙ্ক দেখা যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) নির্দেশ মেনে পাইলট বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যান। এরপরে তদন্ত শুরু করা হয়। বিমানের ১০৫ জন যাত্রীর হাতের লেখা পরীক্ষা করা হয়। মিলিয়ে দেখা হয় চিরকুটের লেখার সঙ্গে। আটক হন ৫৫ জন যাত্রী। জিজ্ঞাসাবাদ করা হলে ৫৬ বছরের পার্থপ্রতীম জানান, তিনি এই কাজ করেছেন। 

সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থায় কাজ করেন পার্থপ্রতীম। তিনি বর্তমানে সোদপুরে থাকলেও, পার্থপ্রতীমের বাড়ি মুর্শিদাবাদে। অসুস্থ স্ত্রী, তাই তাঁর বিদেশে যাওয়ার ছিলো না। পুলিশি জেরায় পার্থপ্রতীম বলেন, কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি দেরিতে ছাড়লে তাঁর পরবর্তী আন্তর্জাতিক উড়ান ধরতে সমস্যা হবে। আফ্রিকা যাওয়া বাতিল হয়ে যাবে। তাই তিনি সেই বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকি দিয়েছিলেন। শেষ পর্যন্ত বুধবার রাতেই পার্থপ্রতীমকে গ্রেপ্তার করা হয়।