নির্দিষ্ট সময়ের আগেই সমাধান জল সমস্যার, স্বাভাবিক পরিশ্রুত পানীয় জল সরবরাহ
  • ১২ নভেম্বর, ২০২৬ ১৩:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়ের আগেই টার্গেট পূরণ। শহরের উত্তর-মধ্য এবং দক্ষিণ প্রান্তের বিভিন্ন অঞ্চলে গত সোমবার থেকে পানীয় জলের যে পরিষেবা বিঘ্নিত হয়েছিল বা কার্যত বন্ধ ছিল। সেই পানীয় জল সরবরাহ পরিষেবা আজ সকাল ১১ টা থেকে স্বাভাবিক ভাবে চালু করে দেওয়া হল। টালায় পাইপ লাইনে ফাটলের জেরে সোমবার বিপত্তি ঘটেছিল। তারপর যুদ্ধকালীন তৎপরতায় জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক করতে বিকল্প পথের কাজ শুরু করে কলকাতা পুরসভা। বলা হয়েছিল, বৃহস্পতিবার রাতের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে শুক্রবার সকাল থেকে পানীয় জল পরিষেবার স্বাভাবিক করে দেওয়া হবে। তবে, নির্দিষ্ট সময়ের একদিন আগেই অর্থাৎ আজ বৃহস্পতিবার সকাল থেকেই পানীয় জল সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের। টালা পোস্ট অফিস মোড়ের কাছে খালপাড়ের পুরনো এবং নতুন পাইপলাইন জুড়ে দেওয়ার যে কাজ চলছিল, তা কাল গভীর রাতে শেষ হয়েছে। তারপর টানা সেই পাইপলাইনের মধ্যে দিয়ে জল সাপ্লাই করে প্রথমে দেখে নেওয়া হয়েছে কোথাও ফাটল বা ফাঁক রয়েছে কি না। পর্যবেক্ষণের পর আজ বেলা এগারোটা থেকে শহরের বিভিন্ন অংশে পুরসভার সরবরাহ করা নলবাহিত পরিশ্রুত পানীয় জল পরিষেবা স্বাভাবিক ভাবে চালু করা হল।

Advertisement

তবে, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে সমস্যা থাকতে পারে। জলের বেগ খানিকটা কম থাকতে পারে। আস্তে আস্তে জলের বেগ বাড়িয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হচ্ছে। মোটামুটি আজ বিকেলের পর থেকে আর পানীয় জলের সমস্যা থাকবে না বলেই জানাচ্ছে পুরসভা কর্তৃপক্ষ। তবে এই মুহূর্তে সমস্ত পাম্পিং স্টেশনে অন্যান্য দিনের মতোই জল পাঠানো সম্ভব হয়েছে। যেহেতু নতুন পাইপলাইন তাই সঙ্গে সঙ্গে উচ্চচাপে জল পাঠানো যায় না। তাতে পুনরায় ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আস্তে আস্তে প্রেসার বাড়িয়ে জল সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।