লখনউ, ১৮ মে: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জন শ্রমিকের। জখম আরও ৪ জন। আজ, সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ রোডের উষ্ণ গ্রাম সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, কাজের জন্য লখিমপুর খেরির দিকে একটি ম্যাজিক ভ্যানে চড়ে যাচ্ছিলেন প্রায় ১৩ জন শ্রমিক। এরপর বাহরাইচ রোডে আচমকাই একটি ট্রাকের সঙ্গে ম্যাজিক গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। অকুস্থলেই ৯ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই সেখানে ছুটে আসেন এলাকাবাসীরা। খবর পেয়ে আসেন পুলিশ কর্মীরাও। জখম ৪ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন তাঁরা। তবে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।



