লোহার অ্যাঙ্গেল বোঝাই ঠেলাগাড়ি উল্টে মৃত্যু শ্রমিকের, চাঞ্চল্য
  • ২০ নভেম্বর, ২০২৬ ১২:৪৯
Prefer us on Google

মুম্বই, ২০ নভেম্বর: মহারাষ্ট্রের থানে জেলার ডোম্বিভলিতে কর্মস্থলেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। লোহার অ্যাঙ্গেল বোঝাই একটি ঠেলাগাড়ি উল্টে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি এক শ্রমিকের। মৃতের নাম হামিদ মহম্মদ শেখ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোম্বিভলি এমআইডিসি ফেজ-১ এলাকার একটি ইস্পাত কারখানায় গত ৩০ বছর ধরে কাজ করতেন হামিদ। কাঁধে ফিতা লাগিয়ে টানতে টানতে কারখানার বাইরে নিয়ে যাচ্ছিলেন লোহার অ্যাঙ্গেল বোঝাই একটি ঠেলাগাড়ি। সেই সময় আচমকাই ভারী ঠেলাগাড়িটি উল্টে তাঁর উপর পড়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। পাশাপাশি কারও বিরুদ্ধে কোনো সন্দেহও প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে তদন্তকারী দল।