নয়াদিল্লি, ২০ নভেম্বর: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা বানচাল করল দিল্লি পুলিশ। এই ঘটনায় দুইজন সশস্ত্র সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে এক নাবালককেও।
পুলিশের দাবি, দক্ষিণ-পূর্ব দিল্লির নিজামুদ্দিন এলাকায় ওই ইনফ্লুয়েন্সারকে লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। তাদের সঙ্গে রশিদ কেবলওয়ালা গ্যাংয়ের যোগসূত্র রয়েছে বলেও পুলিশের প্রাথমিকভাবে অনুমান।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি সেমি-অটোমেটিক পিস্তল এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। হামলার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই হজরত নিজামুদ্দিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কী কারণে ইনফ্লুয়েন্সারকে নিশানা করা হয়েছিল এবং এই হামলার পিছনে আরও কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।



