নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রা শুক্রবার। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে ৩০ এপ্রিল। এবারই প্রথম জগন্নাথদেবের রথযাত্রা পালিত হবে দীঘার মন্দিরে। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রাজ্য প্রশাসন। তাই প্রস্তুতির কাজ তদারকি করতে বুধবারই দীঘা পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ও তিনি নিজে উপস্থিত থেকে সবটা দেখভাল করেছিলেন। শুক্রবার রথযাত্রায় অংশ নেবেন তিনি।
দীঘার রথযাত্রা নিয়ে প্রথম বছরেই উন্মাদনা তুঙ্গে উঠেছে। দু’লক্ষের বেশি পুণ্যার্থীর সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। স্নানযাত্রার দিন থেকেই নিয়ম মেনে জগন্নাথদেবের দর্শন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় হবে ভগবানের নেত্র উৎসব। ইস্কনের তরফে রাধারমণ দাস জানিয়েছেন, এর পরই মহাপ্রভুর দর্শনের জন্য দরজা খুলে দেওয়া হবে। সেদিন থেকেই প্রচুর সংখ্যায় পুণ্যার্থী ভিড় জমাতে শুরু করবেন। তবে সবাই অপেক্ষা করবেন রথের চাকা গড়ানোর জন্য। শুক্রবার দুপুর ১২টায় জগন্নাথদেবকে রথে নিয়ে যাওয়া হবে। তারপর থেকে ভক্তরা রথেই ভগবানের দর্শন পাবেন। এক কিলোমিটার দূরে মাসির বাড়ি যাবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তবে রথ টানা শুরুর নির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত হয়নি। রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দেওয়ার কথা আছে মুখ্যমন্ত্রীর। তার পরেই টান পড়বে ৭০ থেকে ৯০ ফুট লম্বা রথের রশিতে। গোটা রাজ্যে দীঘার রথযাত্রার সরাসরি সম্প্রচার করবে রাজ্য সরকার। প্রতিটি ব্লকে এবং পুর এলাকায় জায়ান্ট স্ক্রিন লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। রথের পাশাপাশি উল্টোরথের অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার হবে। প্রসঙ্গত, কিছু দিন আগে রথযাত্রা নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী। দীঘায় আগত পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে সবরকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য ও জেলা প্রশাসন। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে পানীয় জল, শৌচাগার, অস্থায়ী টেন্টের ব্যবস্থা করা হয়েছে। ভিড় ও যানবাহন নিয়ন্ত্রণের জন্য বুধবারই দীঘায় পৌঁছে যাবেন কলকাতা পুলিসের ১০জন সার্জেন্ট। প্রসঙ্গত, প্রতি বছর কলকাতায় ইস্কনের রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। এবছর তিনি রথের দিন দীঘায় থাকবেন। তাই ৩ জুলাই ময়দানে গিয়ে ইস্কনের রথ দর্শন করবেন তিনি।