বালি, ৩ জুলাই: ইন্দোনেশিয়ার জনপ্রিয় দ্বীপ হল বালি। বহু পর্যটক ঘুরতে যান সেই জায়গায়। অত্যন্ত মনোরম পরিবেশ ও দর্শনীয় স্থান রয়েছে। এবার সেই দ্বীপেই ঘটে গেল দুর্ঘটনা। বালির কাছেই লঞ্চ ডুবে গিয়ে মৃত্যু হল কমপক্ষে চারজনের। নিখোঁজ ৪০ জন। উদ্ধারকাজ শুরু হয়েছে। সূত্রের খবর, গতকাল, বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের একটি লঞ্চ। তাতে ছিলেন ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু সদস্য ও ২২টি গাড়ি। যার মধ্যে ট্রাক ছিল ১৪টি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই লঞ্চটি গন্তব্যের জন্য রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরিরা। চারজনের মৃতদেহ উদ্ধার হয়। ২৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যদিও তাঁদের জ্ঞান ছিল না। ইতিমধ্যেই তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখনও পর্যন্ত নিখোঁজ ৪০ জন। তাঁদের মধ্যে ক্রু সদস্য ছাড়াও রয়েছেন যাত্রীরা। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনাটি? তদন্ত করা হবে বলে পুলিসের তরফে জানানো হয়েছে। তবে ইন্দোনেশিয়াতে লঞ্চ বা নৌকাডুবির ঘটনা ঘটেই থাকে। কারণ পরিবহণের কাজে লঞ্চকেই বেশি ব্যবহার করে ইন্দোনেশিয়ার বাসিন্দারা। আর সবসময়ে সেই লঞ্চ বা নৌকাগুলিতে নিরাপত্তার কথা মাথায় রাখা হয়না।