সংবাদদাতা, হলদিয়া: শনিবার সন্ধ্যে নাগাদ মহিষাদলের তেরপেখিয়া ফেরিঘাটের অদূরে হলদি নদীতে উল্টে গেল একটি যাত্রীবোঝাই ভুটভুটি নৌকো। ওই নৌকো মহিষাদলের তেরপেখিয়া ফেরিঘাট থেকে নন্দীগ্রাম যাচ্ছিল। সন্ধ্যে ৭টা ২৫ মিনিট নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। নৌকোর মাঝি সহ ২০জনের বেশি পুরুষ যাত্রী ও তিনটি বাইক ছিল। সকলেই সাঁতরে নদীর পাড়ে উঠে এসেছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে বাইকগুলি নদীর স্রোতে তলিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওইসময় জোয়ার এসেছিল নদীতে। জোয়ারের প্রবল স্রোতের ধাক্কা সামলাতে না পেরে ভুটভুটি নৌকো হঠাৎ উল্টে যায়। নৌকোটি ওইসময় ফেরি ঘাট থেকে প্রায় ১০০ মিটার দূরে ছিল।
ঘটনাস্থলে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশবাহিনী, সিভিল ডিফেন্সের লোকজন পৌঁছান। ঘটনাস্থলে উদ্ধারকাজে তদারকি করছেন বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা ও স্থানীয় প্রধান রামকৃষ্ণ দাস। তাঁদের অভিযোগ, ওই নৌকোটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল। অন্ধকারে জোয়ারের সময় পারাপার করতে গিয়ে চরে ধাক্কা খেয়েছে। জোয়ারের ধাক্কায় নৌকো বেসামাল হয়ে উল্টে যায়। যাত্রীরা সাঁতার কেটেই পাড়ে আসেন। তবে সঙ্গে সঙ্গে অন্য নৌকোর মাঝিরা ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। প্রধান বলেন, উদ্ধারের পর এদিন রাত সাড়ে ৮টা নাগাদ অন্য নৌকোয় চাপিয়ে যাত্রীদের নন্দীগ্রাম পৌঁছে দেওয়া হয়। ডুবে যাওয়া নৌকোকে আলাদা করে ঘিরে তল্লাশি চালানোর প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সিভিল ডিফেন্সের লোকজন পুলিশের নৌকো নিয়ে রাতে তল্লাশি চালাচ্ছে।