সংবাদদাতা, বালুরঘাট: চাকরির প্রতিশ্রুতি দিলেও কাজ দেওয়া হয়নি জমিদাতাদের। বারবার দাবি ও আন্দোলন করেও লাভ হয়নি। অবশেষে মঙ্গলবার বালুরঘাট রেলস্টেশনের সাইলো গোডাউনে তালা ঝুলিয়ে দেন জমিদাতারা। এদিকে, সোমবার একটি মালট্রেন ভর্তি গম আসে। ওই ট্রেন থেকে গম নামানো বন্ধ করে দিয়েছেন জমিদাতারা। এরপর ওই ট্রেনের চাকার নীচেই অনশনে বসেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি,আগে চাকরি, তারপর এই গোডাউন সচল করা হবে। তা না হলে অনশন ও আন্দোলন চলবে। এনিয়ে মঙ্গলবার শোরগোল পড়েছে। সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। এবিষয়ে ওই গোডাউনের সংস্থার ম্যানেজার বিশ্বজিৎ সূত্রধর বলেন, জমি নেওয়ার সময় কিছু জমিদাতাকে কাজ দেওয়ার কথা ছিল। কিছু জমিদাতাকে বাইরে কাজ দেওয়া হলেও তাঁরা ওই কাজ করছেন না। তাঁরা সবাই অফিসে বসে কাজ করতে চান। কিন্তু সবাইকে তো অফিসের কাজ দেওয়া সম্ভব নয়। সবাইকে কাজ দেওয়ার পরিকাঠামো নেই। তাই কাজ দেওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিক্ষোভকারী মঙ্গল এক্কা, বলরাম হালদাররা বলেন, এই গোডাউন তৈরির জন্য আমরা জমি দিয়েছি। তার বিনিময়ে কিছু টাকা দেওয়া হয়েছে। জমি বিক্রির সময় আমাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু গোডাউনের কাজ প্রায় শেষ, এরপরও অনেককে কাজ দেওয়া হয়নি। কাজ দিলেও জয়েনিং লেটার দেয়নি। বেশিরভাগকে শ্রমিকের কাজ দেওয়া হয়েছিল।
তবুও তিন মাস কাজ করেও সঠিক টাকা মেলেনি। এখন আমরা পাকাপোক্ত চাকরি চাইছি। তা না হলে আমাদের জমি ফেরত দেওয়া হোক। তাই সকলে মিলে গোডাউনে তালা ঝুলিয়েছি।
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনেই বালুরঘাট স্টেশনের কাছেই তৈরি হচ্ছে সাইলো গোডাউন। যা একটি সংস্থা দেখভাল করে।
মাল ট্রেনে করে ভিনরাজ্য থেকে গম আনা শুরু হয়েছে। সোমবার সকালে মলট্রেনে গম আসতেই গ্রামবাসীরা গিয়ে ট্রেনটি আটকে দেন। সোমবার রাতেও তাঁরা ট্রেনের নীচেই ছিলেন। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখানো হয়। বালুরঘাট রেল স্টেশনে সংলগ্ন ১০০ বিঘা জমির ওপরে ওই গোডাউন তৈরি হয়েছে। বাসিন্দাদের দাবি, তাঁরা ১৯ একর জমি দিয়েছেন। তার বিনিময়ে ৪০ জন জমিদাতাকে কাজও দেওয়ার কথা। কিন্তু তাঁরা কাজ না পেয়ে ক্ষুব্ধ।