নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এবার বহরমপুরের পুজোর বাজারেও ‘কোরিয়ান ওয়েভ’-এর প্রভাব। কে-পপ ও কে-ড্রামা যখন বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের হৃদয় জয় করে নিচ্ছে, তখন বহরমপুরে পুজোর বাজারে নবীনদের ‘স্টাইল স্টেটমেন্ট’ হয়ে উঠছে কোরিয়ান ফ্যাশন। ওভারসাইজড টিশার্ট ও শার্ট, ঢলঢলে জিন্স অথবা কার্গো, সেইসঙ্গে মিনিমালিস্ট জুয়েলারি-পুজোয় এই লুক পেতে শহরের বিভিন্ন শপিংমল ও বাজারে ভিড় করছে জেন জি। চাহিদা অনুযায়ী এধরনের পোশাক প্রচুর সংখ্যায় মজুত করেছেন ব্যবসায়ীরাও।
এই আধুনিক পোশাক বেশিরভাগ ক্ষেত্রেই সূতির। আবার কখনও কখনও সূতির সঙ্গে মেশানো হচ্ছে এলাস্টেন। তাতে টি-শার্ট, শার্ট হচ্ছে আরও ফ্লেক্সিব্ল। বহরমপুরে পোশাকের দোকানে গেলেই এখন হরেক রঙের ওভারসাইজড টিশার্ট চোখে পড়ছে।
প্রতিবছর পুজোর মরশুমে ফ্যাশন দুনিয়াতেও পরিবর্তন আসে। ডিজাইনারদের হাতের মুন্সিয়ানাতেই নতুন ট্রেন্ড সেট হয়। সেই ট্রেন্ড এগিয়ে নিয়ে যান বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় ফ্যাশনিস্তারা। এবারও তার অন্যথা হচ্ছে না। তবে এখন স্টাইলে স্বাচ্ছন্দ্যকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই ঢিলেঢালা পোশাকেই নজর কাড়তে চাইছেন তরুণ-তরুণীরা। বছর বছর জিন্স থেকে শুরু করে ড্রেস, শ্রাগ, জ্যাকেট, স্কার্টে ডেনিমের ব্যবহার হচ্ছে। এবার ওভারসাইজড ডেনিমে ডিকনস্ট্রাক্টেড ডিজাইন দেখা যাচ্ছে খুব বেশি। যেমন ডেনিমের উপর প্যাচওয়ার্ক, অ্যাসিমেট্রিকাল কাট এবছর প্যান্ডেল হপিংয়ের সময় চোখে পড়বে। সেইসঙ্গে যুবক ও যুবতীদের বড় কলারযুক্ত জ্যাকেটও নতুন স্টাইল। বিভিন্ন কোরিয়ান ড্রামা ও ব্যান্ডের তারকাদের মতো সাজপোশাকই বেছে নিচ্ছে বাংলার ছেলেমেয়েরা।
পোশাকের রংয়েও থাকছে নতুনত্ব। এধরনের পোশাকে প্যাস্টেল গ্র্যাডিয়েন্ট থেকে শুরু করে বোল্ড কমলা ও সবুজ রং চোখে পড়বে। তবে ক্লাসিক ব্লু ডেনিমের আবেদন সবচেয়ে বেশি। বহরমপুরে বিভিন্ন শপিংমলে পোশাকের প্রথম সারিতেই কোরিয়ান স্টাইলের জামাকাপড়ের দেখা মিলছে। যা কিনতে তরুণ-তরুণীদের হুড়োহুড়িও চোখে পড়ছে।
শহরের নতুনবাজারের একটি শপিংমলের কর্ণধার বলেন, এবছর ওভারসাইজড পোশাকের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। ফিল্মি দুনিয়ায় যেধরনের পোশাকের ট্রেন্ড চলে, সাধারণত পুজোর বাজারে সেই পোশাকের প্রতি ঝোঁক দেখা যায়। তবে এখন বিভিন্ন কোরিয়ান ব্যান্ড জনপ্রিয় হওয়ায় কোরিয়ান স্টাইলের জামাকাপড় ভালো বিক্রি হচ্ছে। এধরনের টিশার্টের বড় গলা, হাতা কাঁধ থেকে বেশ কিছুটা নীচে ঝুলবে। জামার ক্ষেত্রে বড় কলারের ঢিলেঢালা স্টাইল এসেছে। জিন্সের লুকেও বদল এসেছে।
বহরমপুরের যুবক শ্রীকান্ত মণ্ডল ও অভিনব দাস বলেন, সারাবছরই তো সাধারণ জামাপ্যান্ট পরি। পুজোর সময় বাড়তি ফ্যাশন না হলে কি হয়? তাই কটনের ওভারসাইজড টি-শার্ট এবার প্রথম পছন্দ। • নিজস্ব চিত্র