Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সিডনিতে নিয়মরক্ষার ম্যাচে আকর্ষণের কেন্দ্রে কোহলিই

সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। এবার হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই চ্যালেঞ্জ। শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ সেই কারণেই শুভমান গিলদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

সিডনিতে নিয়মরক্ষার ম্যাচে আকর্ষণের কেন্দ্রে কোহলিই
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিডনি: সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। এবার হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই চ্যালেঞ্জ। শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ সেই কারণেই শুভমান গিলদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

Advertisement

আসলে টিম ইন্ডিয়া যে পরপর দুটো ম্যাচ হেরে যাবে সেটা অজি ক্রিকেটপ্রেমীদের কাছে অকল্পনীয়। প্রত্যাশা ছিল, তিন ম্যাচের সিরিজের ফয়সালা হবে সিডনিতেই। তাই গ্যালারি হাউসফুল। কিন্তু পারথের পর অ্যাডিলেড—ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে কোনও বদল হয়নি। অগত্যা সঙ্গী পরাজয়ের গ্লানি। টপ অর্ডারের ব্যর্থতা প্রকট। বোলিংয়ে প্রচুর খামতি। সেই সঙ্গে ক্যাচ মিসের প্রদর্শনী। ক্যাঙারু বাহিনীর বিরুদ্ধে গিলদের হতশ্রী পারফরম্যান্স দেখে অনেকেই বলছেন, এ কোন টিম ইন্ডিয়া!
সিডনিতে ভারতের প্রথম একাদশে পরিবর্তন হতে পারে। হর্ষিতের জায়গায় খেলতে পারেন প্রসিদ্ধ। অ্যাডিলেডের পিচে অ্যাডাম জাম্পা যেখানে ৪টি উইকেট পেলেন, সেখানে দলের এক নম্বর স্পিনার কুলদীপ যাদবকে বসিয়ে রাখা হয়েছিল ড্রেসিং-রুমে। কোচ গম্ভীরের খামখেয়ালি সিদ্ধান্ত দলকে বার বার বিপাকে ফেলছে। ক্ষোভ বাড়ছে সমর্থকদের মধ্যে। প্রাক্তনরাও বিরক্ত। এই পরিস্থিতিতে সিডনি ওডিআই জিততে না পারলে গম্ভীরের চাকরি নিয়েই টানাটানি শুরু হয়ে যাবে।
নিয়মরক্ষার ম্যাচ হলেও আকর্ষণের কেন্দ্রে কোহলিই। পর পর দু’টি ম্যাচে শূন্য হাতে ফিরলেও, সিডনিতে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে সকলেই। এমনকী, অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরাও বিরাটের ব্যাটে সেঞ্চুরি দেখতে চাইছেন। শুক্রবার সিডনি বিমানবন্দরে কোহলিকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেলফির আবদার মেটালেন হাসিমুখে। দিলেন অটোগ্রাফ। অত্যুৎসাহী ভক্তদের সামলাতে বেশ বেগ পেতে হল নিরাপত্তা অফিসারকেও। আসলে শচীন তেন্ডুলকরের পর অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি কদর কোহলিরই। চাবুকের মতো ব্যাট হাতে শাসন করতেও তিনি ভালোবাসেন। সেই টানেই শনিবারও হাজার হাজার ক্রিকেটপ্রেমী ভিড় জমাবেন কোহলির খেলা দেখতে। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় রিফ্লেক্স কমেছে কোহলির। টাইমিংয়ের সমস্যা হচ্ছে। ব্যাট নামানোর আগেই বল হিট করছে প্যাডে। চব্বিশ ঘণ্টার ব্যবধানে এই ভুল শুধরে কোহলি কি পারবেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই জেগে উঠতে? 
কোহলি আরও চাপে পড়েছেন গত ম্যাচে রোহিত ৭৩ করায়। ‘ল অব অ্যাভারেজ’ অনুযায়ী বিরাটেরও একটা ঝকঝকে ইনিংস প্রাপ্য। কে বলতে পারে, সেই অপেক্ষায় হয়তো সিডনিও। 
 ম্যাচ শুরু সকাল ৯টায়। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ