নয়াদিল্লি: এএফসি এশিয়ান কাপ খেলতে সোমবার সিঙ্গাপুর উড়ে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। আগামী বৃহস্পতিবার খালিদ জামিল-ব্রিগেডের প্রতিপক্ষ সিঙ্গাপুর। অর্থাৎ প্রস্তুতির জন্য হাতে দু’দিন সময় পাবেন ভারতীয় কোচ। তার আগে রবিবার ২৩ জনের চূড়ান্ত দল বেছে নিলেন কোচ খালিদ। দলে রয়েছেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। খালিদও ত্যাগ করতে পারলেন না তাঁর মায়া। চোট সারিয়ে ফিরেছেন সন্দেশ ঝিংগান। এছাড়াও মোহন বাগান থেকে সুযোগ পেয়েছেন দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাসো। ইস্ট বেঙ্গল থেকে রয়েছেন আনোয়ার আলি, নাওরেম মহেশ। নতুনদের মধ্যে অনূর্ধ্ব-২৩ দল থেকে সুযোগ পেয়েছেন লুইস নিকসন ও পরমবীর। ম্যাচের পর দুই দলই ভারতে পৌঁছবে একই সঙ্গে। কারণ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর। উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে জাতীয় শিবির করছিলেন কোচ খালিদ জামিল।



