কোচি: দুর্নীতি মামলায় বিড়ম্বনা বাড়ল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। সিএমআরএল (কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড) ঘুষ কাণ্ডে শুক্রবার বিজয়ন, তাঁর কন্যা টি বীণা, জামাই পিএ মহম্মদ রিয়াজের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল কেরল হাইকোর্টের বিচারপতি এ বদরুদ্দিনের বেঞ্চ। উচ্চ আদালতের রায়ের পরেই বিরোধী দলনেতার পদ থেকে বিজয়নের ইস্তফার দাবিতে সরব হয়েছে কেরলের শাসকদল কংগ্রেস। পালটা সিপিএম শিবিরের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বিজয়ন। আইনিভাবেই তাঁর মোকাবিলা করা হবে।
সম্প্রতি দুর্নীতি মামলায় বিজয়ন ও তাঁর কন্যা বীণার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরেই ইডির তরফে রাজ্য পুলিশকে বিজয়নের বিরুদ্ধে মামলা দায়েরের আরজি জানানো হয়। সেই চিঠির ভিত্তিতে সিট গঠন করে তদন্ত শুরুর সিদ্ধান্ত নেয় কেরল সরকার। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী কেএম শাহজাহান। এদিন রাজ্য সরকারের সিদ্ধান্তকেও ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে কেরল হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ইডির তরফে রাজ্য পুলিশের ডিজিকে যে তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে, সেখানে বিবৃতি, সাক্ষীদের বয়ান সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বিজয়নের বিরুদ্ধে আর্থিক তছরূপের ধারায় এফআইআর করুক তিরুবনন্তপুরমের দুর্নীতিদমন শাখা। যদিও বিষয়টিকে সরকারের জন্য ‘অস্বস্তি’ বলে মানতে রাজি নন কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চিন্নাথালা। তিনি বলেন, আইনি পরামর্শ মেনেই সরকার সিদ্ধান্ত নিয়েছিল। আদালতের বিস্তারিত রায় সামনে আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



