


• স্পষ্ট কথায় কষ্ট নেই। বিশ্বাস করেন অভিনেত্রী করিনা কাপুর খান। সে কারণে তাঁকে ও তাঁর পরিবারকে ঘিরে যে কোনো জল্পনায় সপাটে জবাব দিতে বিশ্বাসী নায়িকা। কারণ জল্পনার বুদবুদে ভেসে থাকতে চান না অভিনেত্রী। সম্প্রতি শোনা গিয়েছিল, রাজ কাপুরের প্রতিষ্ঠা করা ‘আর কে প্রোডাকশনস’ নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেই প্রযোজনা সংস্থার অধীনে নাকি কয়েকটি ছবিও তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই জল্পনার ইতি টানলেন করিনা। সাফ জানালেন, এমন কোনো পরিকল্পনা আপাতত নেই কাপুর পরিবারের। আর ভবিষ্যতে? না, সে ব্যাপারেও কোনো জল্পনার অবকাশ রাখেননি তিনি। বলেছেন, ‘প্রযোজনার দিক নিয়ে চিন্তা করার হলে দিদি করিশ্মা বা রণবীরের পক্ষেই করা সম্ভব। কিন্তু রণবীর তো এখন অভিনয়ে মনোযোগী। তাই ওর পক্ষে এখন প্রযোজনা সংস্থার কাজ সামলানো সম্ভব হবে না বলে মনে হয়।’