Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়মন্ডহারবারের অতিরিক্ত পুলিশ সুপার সহ ৫ অফিসারকে সাসপেন্ড করল কমিশন

ঘটনাস্থল সেই ডায়মন্ডহারবার! পক্ষপাতিত্বের অভিযোগে পুলিশ অবজারভার পি এস পুরুষোত্তম দাসের অপসারণ চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস।

ডায়মন্ডহারবারের অতিরিক্ত পুলিশ সুপার সহ ৫ অফিসারকে  সাসপেন্ড করল কমিশন
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘটনাস্থল সেই ডায়মন্ডহারবার! পক্ষপাতিত্বের অভিযোগে পুলিশ অবজারভার পি এস পুরুষোত্তম দাসের অপসারণ চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতে কোনো গা করেনি কমিশন। অবশেষে মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। শুক্রবার তৃণমূল কংগ্রেসের সেই অভিযোগের নিষ্পত্তি করে কমিশনকে তাদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এদিন রাতেই দেখা যাচ্ছে, বিজেপির অভিযোগের ভিত্তিতে সক্রিয় কমিশন। ডায়মন্ডহারবার পুলিশ জেলার একাধিক আধিকারিকের বিরুদ্ধে প্রচারে বাধা সহ একগুচ্ছ অভিযোগ জানিয়েছিল বিজেপি। তারপরই কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও গাফিলতির অভিযোগ একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল তারা। ফলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। বিজেপির অভিযোগের ভিত্তিতে এদিন ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, ডায়মন্ডহারবারের এসডিপিও সজল মণ্ডল,  ডায়মন্ডহারবার থানায় আইসি মৌসম চক্রবর্তী, ফলতার আইসি অজয় বাগ, উস্তির ওসি শুভেচ্ছা বাগকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি ডায়মন্ডহারবারে পুলিশ সুপার ঈশানী পালকেও সতর্ক করেছে কমিশন। উল্লিখিত আধিকারিকদের সাসপেন্ড করার পাশাপাশি বিভাগীয় পদক্ষেপ করতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিজেপির ফলতার প্রার্থী দেবাংশু পান্ডা ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার প্রচারে বাধাদান সহ একগুচ্ছ অভিযোগ করেছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ