Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

কাঁওয়ার যাত্রা: যোগীরাজ্যের বিভিন্ন জেলায় স্কুল-কলেজ বন্ধের নির্দেশ

চলছে কাঁওয়ার যাত্রা। কৃষ্ণ চতুর্দশীতে শ্রাবণ শিবরাত্রি উপলক্ষ্যে তীর্থযাত্রীর ভিড় বাড়ছে। রাস্তাগুলিতে তিল ধারণের জায়গা নেই।

কাঁওয়ার যাত্রা: যোগীরাজ্যের বিভিন্ন জেলায় স্কুল-কলেজ বন্ধের নির্দেশ
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: চলছে কাঁওয়ার যাত্রা। কৃষ্ণ চতুর্দশীতে শ্রাবণ শিবরাত্রি উপলক্ষ্যে তীর্থযাত্রীর ভিড় বাড়ছে। রাস্তাগুলিতে তিল ধারণের জায়গা নেই। প্রকাশ্যে আসছে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনাও। সোমবার ওল্ড লখনউয়ে স্কুলপড়ুয়াদের ভ্যানে ভাঙচুরের অভিযোগ উঠেছে কাঁওয়ারযাত্রীদের বিরুদ্ধে। এই অবস্থায় উত্তরপ্রদেশের একের পর এক জেলায় জারি হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশিকা। ফলে পড়াশোনা শিকেয় উঠেছে। নাজেহাল জেলা প্রশাসনের সাফাই, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত। মিরাট, গাজিয়াবাদ, বাগপত জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী ১২ আগস্ট পর্যন্ত পঠন-পাঠন বন্ধের নির্দেশিকা হাতে পেয়েছে। এর আগে মুজাফ্ফরনগর জেলাতেও একই ধরনের নির্দেশিকা জারি করেছিল প্রশাসন।

Advertisement

উত্তরপ্রদেশে কাঁওয়ারযাত্রীদের সুবিধার্থে খাদ্য, পানীয় জল ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। কাঁওয়ারযাত্রার রুটগুলিতে পুণ্যার্থীদের উপর আকাশপথে গোলাপের পাপড়ি বর্ষণও করছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। তবে তারই মধ্যে বিভিন্ন স্থানে তীর্থযাত্রীদের বিরুদ্ধে হিংসা ও অশান্তির ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। সোমবার ওল্ড লখনউয়ে চক থানার অন্তর্গত চড়ক ক্রসিংয়ে ছোটোখাটো একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। ভিড়ের কারণে একটি মোটরসাইকেলে সামান্য টোকা লাগার জন্য একটি স্কুল ভ্যানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পড়ুয়াদের ওই ভ্যানে পাথর ছোড়া হয়। লাঠি দিয়ে ভাঙুচর চলে। প্রায় দু’মিনিট ধরে চলে তাণ্ডব। সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। অতঙ্কে কাঁদতে শুরু করে ভ্যানে থাকা পড়ুয়ারা। সৌভগ্যবশত কোনো ছাত্রী জখম হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভ্যানটির কাচ গুঁড়িয়ে গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে আতঙ্কগ্রস্ত ছাত্রীরা। ডিসিপি (পশ্চিম) কমলেশ কুমার দীক্ষিত বলেছেন, ভাঙচুর চালিয়েছে অজ্ঞাতপরিচয় তিনজন। পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে লখনউয়ের মালিহাবাদের কাসমান্ডিতে লক্ষ্মণ আর্মি নামে একটি সংগঠনের সদস্য পরিচয় দিয়ে কিছু কাঁওয়ারযাত্রী একটি মসজিদে গঙ্গাজল ছেটানোর চেষ্টা করেন বলে অভিযোগ। সুরজ পাই নামে এক স্থানীয় হিন্দুত্ববাদী নেতা বলেন, বহু শতাব্দী আগে ওখানে শিবমন্দির ছিল। তাই দূর থেকে গঙ্গাজল ছেটানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জ্ঞানেন্দ্র সিং বলেন, কাঁওয়ারযাত্রীদের দলটি কিছুক্ষণ ধরনা দিয়ে সেখান থেকে চলে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ