মেলবোর্ন: রাখে হরি, মারে কে! বাংলার এই প্রবাদটি ফের একবার সত্যি প্রমাণিত হল অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচের অগ্রগতিতে। ‘লাক ফ্যাক্টর’-এ ভর করেই শেষ চারে পৌঁছে গেলেন সার্বিয়ান কিংবদন্তি। অথচ প্রথম দুই সেট খুইয়ে একটা সময় হারের রক্তচক্ষু দেখছিলেন জোকার। সেখান থেকে প্রতিপক্ষের চোটের জেরে ওয়াক-ওভার পেয়ে পৌঁছে গেলেন সেমি-ফাইনালে! শেষ চারের লড়াইয়ে শুক্রবার তাঁর প্রতিদ্বন্দ্বী গতবারের চ্যাম্পিয়ন জানিক সিনার।
রড লেভার এরিনায় বুধবার কোয়ার্টার ফাইনালে জকোভিচ মুখোমুখি হয়েছিলেন লোরেঞ্জো মুসেত্তির। প্রথম দু’টি সেট ৬-৪, ৬-৩ ব্যবধানে দখল করেন পঞ্চম বাছাই ইতালিয়ান তারকা। তবে তৃতীয় সেটে ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকার। প্রতিপক্ষের সার্ভিস ভেঙে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মরিয়া দেখাচ্ছিল ৩৮ বছরের মহারথীকে। সেই সময় থাই মাসলে চোট পেয়ে বসেন মুসেত্তি। কোর্টেই প্রাথমিক শুশ্রূষার পর ফের র্যাকেট হাতে তুলে নেন তিনি। কিন্তু যন্ত্রণা বাড়ায় বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি ইতালিয়ান তরুণ। তৃতীয় সেটে জোকার তখন ৩-১ ব্যবধানে এগিয়ে। সতীর্থের কাঁধে ভর দিয়ে কোর্ট ছাড়েন মুসেত্তি। আর বরাত জোরে জকোভিচের হাতে চলে আসে সেমি-ফাইনালের টিকিট। এই নিয়ে টানা চার মরশুম বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন জোকার। গত দুই মরশুমে একটাও মেজর খেতাব জিততে পারেননি। সেই খরা কাটিয়ে এবার ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে মেলবোর্নে পৌঁছেছেন জকোভিচ। মাথায় ভাগ্যদেবীর আর্শীবাদ। তা নাহলে পর পর দু’রাউন্ডে ওয়াক-ওভার পাওয়া যায়! উল্লেখ্য, জাকুব মেনসিচের বিরুদ্ধে চতুর্থ রাউন্ডে বিনা লড়াইয়ে উতরে গিয়েছিলেন তিনি। আর সেটা প্রতিপক্ষের চোটের কারণে। তাই ম্যাচ শেষে মেলবোর্ন পার্কে জোর গুঞ্জন— জোকারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয় কেউ আটকাতে পারবে না! সবচেয়ে বড় কথা, শেষ দুই ম্যাচে ওয়াক-ওভার পাওয়ায় মূল্যবান ‘এনার্জি’ রক্ষা হয়েছে তাঁর, যা সিনারের বিরুদ্ধে কাজে আসবে। পুরুষদের সিঙ্গলসে দিনের অন্য ম্যাচে বেন শেলটনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন সিনার। ৬-৩, ৬-৪, ৬-৪ ব্যবধানে ম্যাচ জিতে শেষ চারের টিকিট পাকা করেন দ্বিতীয় বাছাই ইতালিয়ান তারকা।
মহিলাদের সিঙ্গলসে ঘটল বড় অঘটন। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন দ্বিতীয় বাছাই ইগা সুইয়াটেক। কাজাখস্তানের এলিনা রিবাকিনার কাছে ৫-৭, ১-৬ স্ট্রেট সেটে হারলেন তিনি। অপর ম্যাচে আমেরিকার জেসিকা পেগুলা ৬-২, ৭-৬ (৭-১) সেটে জিতেছেন চতুর্থ বাছাই আমান্দা আনিসিমোভার বিরুদ্ধে।