মাদ্রিদ: মরশুমের শুরুতে জুলিয়ান আলভারেজকে নিয়ে দুই ক্লাবের মধ্যে টানাপোড়েন নিয়ে কম নিউজপ্রিন্ট খরচ হয়নি। আর্জেন্তাইন স্ট্রাইকারের বার্সেলোনায় যাওয়া আটকাতে সব চেষ্টাই করে আতলেতিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত আলভারেজকে ধরে রাখে মাদ্রিদের ক্লাবটি। তবে এবার মাঠের লড়াইয়ে আতলেতিকোকে টেক্কা দিতে তৈরি বার্সা। রবিবার লা লিগায় অ্যাওয়ে ম্যাচে ডিয়েগো সিমিওনে ব্রিগেডের মুখোমুখি হবে কাতালন ক্লাবটি। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে হান্স ফ্লিকের ছেলেরা। মাত্র দু’পয়েন্ট পিছিয়ে আতলেতিকো। ফলে রবিবার ঘরের মাঠে জিতলে বার্সাকে টপকে শীর্ষস্থানে উঠে আসার সুযোগ রয়েছে আলভারেজদের সামনে। পক্ষান্তরে, ম্যাচ জিতে মগডালে থাকাই লক্ষ্য কাতালন ক্লাবটির। তবে রবিবারের এই লড়াই ড্র হলে অনেকটাই সুবিধা হবে রিয়ালের।



