হেরেও শেষ আটে সুলঞ্জনারা
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রুপের প্রথম জয়। তারপর টানা দু’টি হার। এযেন গতবারের পুনরাবৃত্তি। তা সত্ত্বেও চলতি আসরে ভারতের প্রথম ক্লাব হিসাবে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল ইস্ট বেঙ্গল। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে এপ্রিল টুইনটি ফাইফেরর কাছে ০-২ ব্যবধানে বশ মানে মশাল বাহিনী। ফলে গ্রুপ বি’র তৃতীয় দল হিসাবে গোল পার্থক্যের নিরিখে নক আউটে খেলার ছাড়পত্র পেল সুলঞ্জনারা। উল্লেখ্য, প্রত্যেক গ্রুপ থেকে প্রথম দুই দল সরাসরি নক আউটে পৌঁছায়। এছাড়া তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা দু’টি দলও শেষ আটে খেলার সুযোগ পেল। এই গ্রুপের শীর্ষ দুই দল যথাক্রমে এপ্রিল টুইনটি ফাইফ ও হনচিওন কেএসপিও। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল ইস্ট বেঙ্গল। ফাজিলাদের গোল পার্থক্য (-৪) । অন্যদিকে মায়ানমারের এয়ারওয়াডি সমসংখ্যক ম্যাচ ও পয়েন্টে থাকলেও গোল পার্থক্য (–৬)। ফলে তৃতীয় দল হিসেবে গ্রুপ সি’র বেজিং বেইকংয়ের সঙ্গে শেষ আটে ইস্ট বেঙ্গল।

Advertisement