নিউ ইয়র্ক: তৃতীয় রাউন্ডে ভুগিয়েছিল কোমরের চোট। চতুর্থ রাউন্ডে মাথাচাড়া দিল ঘাড়ের ব্যথা। শরীর একেবারেই সঙ্গ দিচ্ছে না নোভাক জকোভিচকে। তবুও সাফল্যের খিদে এবং অভিজ্ঞতাকে পুঁজি করে দৌড়ে চলেছেন ৩৮ বছরের সার্বিয়ান কিংবদন্তি। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ ষোলোর লড়াইয়ে জার্মানির জ্যান-লেনার্ড স্ট্রফকে ৬-৩, ৬-৩, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন জোকার। এই নিয়ে রেকর্ড ৬৪ বার গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠলেন তিনি। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ টেলর ফ্রিৎজ, যাঁর বিরুদ্ধে সার্বিয়ান তারকার রেকর্ড ১০-০।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে ৪-০ এগিয়ে থাকার সময়েই ভলি মারতে গিয়ে ঘাড়ে টান ধরে জকোভিচের। কোর্টের মধ্যেই সাহায্য নিতে হয় ফিজিক্যাল ট্রেনারের। ঘাড়ে ও কাঁধে ম্যাসাজ নিয়ে ফের খেলায় ফেরেন তিনি। সেই সময় বেশ কিছু পয়েন্ট হারান জোকার। ক্রমশ ছন্দে ফেরেন ৩৮ বছর বয়সি। নিশ্চিত করেন স্ট্রেট সেটে জয়। ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘এই ম্যাচটা যেভাবে জিতেছি, তাতে তৃপ্ত। ইতিবাচক তরঙ্গ টের পাচ্ছি। যাঁরা আমাকে কখনও হারায়নি, চাইব তাঁরা যেন নতুন কোনও স্ট্র্যাটেজিতে খেলে। আরও আগ্রাসন দেখায়। আমাকে অস্বস্তিতে ফেলে। আমি অবশ্য ফ্রিৎজের বিরুদ্ধে নামার আগে কৌশলে বিশেষ কোনও পরিবর্তন আনছি না। যেভাবে খেলে শেষ আটে উঠেছি, সেভাবেই খেলব।’ উল্লেখ্য, রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে ইউএস ওপেনে এসেছেন তিনি। ফ্লাশিং মিডোয় চারটি খেতাব রয়েছে তাঁর। পঞ্চম খেতাব জয়ের পথে জকোভিচের অন্যতম কাঁটা কার্লোস আলকারাজও উঠেছেন শেষ আটে।
মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা সহজেই উঠলেন কোয়ার্টার ফাইনালে। চতুর্থ রাউন্ডের ম্যাচে তিনি ৬-১, ৬-৪ সেটে হারালেন স্পেনের ক্রিস্টিনা বাসকাকে। সেমি-ফাইনালে ওঠার জন্য পরের ম্যাচে তাঁকে লড়তে হবে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেটা ভনড্রোউসোভার বিরুদ্ধে। চতুর্থ রাউন্ডের ম্যাচে এলেনা রিবাকিনাকে ৬-৪, ৫-৭, ৬-২ সেটে হারিয়েছেন ভনড্রোউসোভা। এদিকে, জুনিয়র গার্লস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারতের মায়া রাজেশ্বরন। ১৬ বছর বয়সি ৭-৬ (৭-৫), ৬-৩ সেটে হারায় চীনের ঝাং-কুয়ান ওয়েইকে।