সিডনি: ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে কমই রয়েছে। স্বাভাবিকভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব হাতছাড়া হওয়াটা হজম হচ্ছে না অজিদের। ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ক্রিকেটারদের একহাত নিয়েছেন প্রাক্তন তারকা মিচেল জনসন। বিশেষ করে জস হ্যাজলউডের সমালোচনায় মুখর তিনি। জনসনের কথায়, ‘হ্যাজলউড গত কয়েক বছর ধরেই চোট সমস্যায় ভুগছে। তাছাড়া দেশের প্রতিনিধিত্ব করার থেকে আইপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়।’
ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আইপিএল সাময়িকভাবে স্থগিত ছিল। এরপর ফের তা চালু হলেও অনেক অজি ক্রিকেটার ভারতে ফেরেননি। ব্যতিক্রম হ্যাজলউড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছিলেন তিনি। আইপিএল ফাইনাল খেলার কারণে জাতীয় শিবিরেও কিছুটা দেরিতেই যোগ দেন। ডব্লুটিসি ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ হ্যাজলউড। মাত্র দু’টি উইকেট নিয়েছেন তিনি। তাই ফাইনালে দল হারতেই তারকা পেসারকে তুলোধনা করলেন জনসন। অবশ্য দলের বাকি সিনিয়র প্লেয়াররাও তাঁর আক্রমণের হাত থেকে রেহাই পাননি।