Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল শুরু জয়দেব মেলা

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী জয়দেব-কেঁদুলির মেলা। নির্বিঘ্নে মেলা সম্পন্ন করতে সবরকম পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন।

কাল শুরু জয়দেব মেলা
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী জয়দেব-কেঁদুলির মেলা। নির্বিঘ্নে মেলা সম্পন্ন করতে সবরকম পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। এছাড়াও মকর সংক্রান্তির দিন পুণ্যস্নানে যাতে কোনও অঘটন না ঘটে সেজন্য একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। প্রশাসনের দাবি, চলতি বছর হবে ‘নির্মল জয়দেব মেলা’। মেলায় প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকল্প হিসাবে মেলায় ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে। সেখান থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ মিলবে।

Advertisement

প্রশাসনের দাবি, গত বছর এই মেলায় প্রায় সাড়ে আট লক্ষ মানুষ এসেছিলেন। অনুমান, চলতি বছরে মেলায় ভিড় আরও বাড়বে। মেলা চারদিনের জায়গায় পাঁচদিনের করা হয়েছে। সেই কারণেই ভিড় সামলাতে পুলিশের তরফেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মেলায় কমবেশি আড়াই হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন। সেই সঙ্গে থাকবে ড্রপগেট, পুলিশি সহায়তা কেন্দ্র, ওয়াচ টাওয়ার। মেলায় নজরদারির জন্য প্রায় ১৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা থাকবে। 
এবছরের মেলার বিশেষ আকর্ষণ থাকছে সন্ধ্যারতি।  ১৩ ও ১৪ তারিখ ওই আরতি হবে। ১৭ জানুয়ারি মেলায় জয়দেব স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। প্রশাসনের দাবি, উন্মুক্ত শৌচকর্ম রোধে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহু স্থায়ী শৌচালয় থাকা সত্ত্বেও আরও ২৫০টি উন্নতমানের অস্থায়ী বিজ্ঞানসম্মত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। পুণ্যস্নানের জন্য এবারও হিংলো ড্যাম থেকে প্রায় দু’হাজার কিউসেক জল ছাড়া হবে, যাতে আগত পুণ্যার্থীরা নির্বিঘ্নে স্নান করতে পারেন। অজয়ের জলে পুণ্যস্নানের জন্য একাধিক ঘাটের পাশাপাশি ঘাটের কাছে মহিলাদের পোশাক বদলের জন্যও ব্যবস্থা থাকবে। স্নান করতে এসে যাতে কোনওভাবেই দুর্ঘটনা না ঘটে, তার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন থাকছে। ডুবুরিও রাখা হচ্ছে। মেলায় নিত্য সাফাইয়ের জন্য শতাধিক সাফাইকর্মীও রাখা হচ্ছে। এই মেলার অন্যতম আকর্ষণ কীর্তন ও বাউল-ফকিরদের গান। মেলার কয়েকটা দিন বাউল এবং ফকির সাধনার এক মিলনক্ষেত্র হয়ে ওঠে প্রাচীন এই মেলা। প্রশাসন সূত্রের খবর, এবছর মেলায় প্রায় ৫০০ বাউল ফকিরের আখড়া থাকছে। এছাড়াও প্রায় ৬০০ স্থায়ী ও ২০০০ অস্থায়ী দোকান বসছে মেলাজুড়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ