নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেটে গিয়েছে প্রায় ১৩ মাস। জল জীবন মিশনের একটি টাকাও দেয়নি মোদি সরকার। ফলে টাকা পাচ্ছেন না এই প্রকল্পের সঙ্গে যুক্ত ঠিকাদার, নানান সামগ্রী সরবরাহকারী, শ্রমিক, রাজমিস্ত্রি, পাম্প অপারেটর, ভালভ অপারেটর, অন্যান্য কর্মী ও তাঁদের পরিবার। সব মিলিয়ে কমপক্ষে রাজ্যের দেড় লক্ষ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে।
ইতিমধ্যেই, এই প্রকল্পে কেন্দ্রের তুলনায় কয়েক হাজার কোটি টাকা বেশি দিয়েছে রাজ্য সরকার। ফলে কেন্দ্র টাকা না দেওয়ায় পুজোর মুখে পাহাড়প্রমাণ বকেয়া চেয়ে রাজ্যেরই দ্বারস্থ হচ্ছেন সংশ্লিষ্ট সকলে। এই সমস্যার দ্রুত সমাধান না-হলে দিল্লি গিয়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ সুনিশ্চিত করার লক্ষ্যে এই জল জীবন মিশন (পশ্চিমবঙ্গে যার নাম জলস্বপ্ন প্রকল্প)। কেন্দ্র টাকা না দেওয়ায়, জোর ধাক্কা খেয়েছে প্রকল্পের অগ্রগতিও।