নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক চুক্তিতে আগেই সই করে দিয়েছিলেন। ষষ্ঠ বিদেশি হিসেবে শনিবার মোহন বাগানে চূড়ান্ত হলেন রবসন রবিনহো। আগামী দু’বছরের জন্য ব্রাজিলিয়ান মিডিওর সঙ্গে চুক্তি করেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সোমবার সকালেই কলকাতায় পা রাখার কথা রবসনের। এরপর হোসে মোলিনার দলে যোগ দিয়ে শুরু করে দেবেন এসিএল-টু’এর প্রস্তুতি। রবসন দলে আসায় সবুজ-মেরুনের ভেদশক্তি যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। উইংয়ের পাশাপাশি প্লে-মেকারের ভূমিকায় সাবলীল ব্রাজিলিয়ান মিডিও। এছাড়া প্রয়োজনে নাম্বার নাইন পজিশনেও খেলতে পারেন তিনি।
সাও পাওলো রাজ্য লিগে নেইমারের বিরুদ্ধে খেলেছেন রবসন। প্র্যাকটিসের মধ্যেই রয়েছেন। তাঁর মন্তব্য, ‘দলের সঙ্গে মানিয়ে নিতে বেশি সময় লাগবে না।’ এর আগে তিনি ছিলেন বাংলাদেশের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসে। সেসময় অস্কার ব্রুজোঁর তত্ত্বাবধানে গত তিন মরশুমে ৯৭টি ম্যাচে ৬৮টি গোল রয়েছে তাঁর। তাঁর সংযোজন, ‘বসুন্ধরায় থাকার সময়ে মোহন বাগানের বিরুদ্ধে খেলেছি। তখন থেকেই পালতোলা নৌকার সাফল্য সম্পর্কে ধারণা রয়েছে।’ রবসনের ‘ডিল ডান’ হয়ে গেলেও সপ্তম বিদেশির খোঁজ চালাচ্ছে মোহন বাগান।
এদিকে, শনিবার সন্ধ্যায় মোহন বাগান মাঠ থেকে হাঁপাতে হাঁপাতে বেরোতে দেখা গেল পেত্রাতোসদের। ফুটবলারদের দু’ঘণ্টারও বেশি কড়া অনুশীলন করালেন কোচ মোলিনা। পাসিং মহড়ার পর নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলালেন আপুইয়াদের। শেষে আবার ফুটবলারদের কয়েক পাক দৌড়তে দেখা গেল। আসলে দিমিত্রিদের ফিটনেসে অসন্তুষ্ট কোচ। মর্যাদার ডার্বিতে ধাক্কা খেতে নড়েচড়ে বসেছেন মোলিনা। এসিএল টু-এর আগে স্কোয়াড ফিট করে তোলাই লক্ষ্য তাঁর। পিঠের ব্যথার কারণে শনিবারও অনুশীলন করলেন না ম্যাকলারেন।