Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইএসএল স্থগিত, জানাল এফএসডিএল, উদ্বেগ বাড়ছে ফুটবল মহলে, প্রবল চাপে ফেডারেশন

আইএসএলের ভবিষ্যৎ বিশ বাঁও জলে। দেশের এক নম্বর লিগ আপাতত শুরু হচ্ছে না। এমনকী, বল গড়ানোও অনিশ্চিত।

আইএসএল স্থগিত, জানাল এফএসডিএল, উদ্বেগ বাড়ছে ফুটবল মহলে, প্রবল চাপে ফেডারেশন
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের ভবিষ্যৎ বিশ বাঁও জলে। দেশের এক নম্বর লিগ আপাতত শুরু হচ্ছে না। এমনকী, বল গড়ানোও অনিশ্চিত। শুক্রবার আইএসএলের ১৩ টি ক্লাবকে ই-মেল করে স্পষ্টভাবে তা জানিয়ে দিল এফএসডিএল। ফলে গোটা ফুটবল মরশুম ঘিরেই চরম অনিশ্চয়তা। অংশগ্রহণকারী ক্লাবগুলির মাথায় হাত। ইতিমধ্যেই কোটি কোটি টাকা বিনিয়োগ করে বসে আছে লগ্নিকারী সংস্থা। অন্ধকারে আশার আলো খুঁজছেন কর্তারা। মোহন বাগান সভাপতি দেবাশিস দত্তের মন্তব্য, ‘অবিলম্বে সব পক্ষের এগিয়ে আশা উচিত। প্রয়োজনে কমিটি করে সমাধানের রাস্তা খোঁজা হোক। অচলাবস্থা কাটানোর জন্য জরুরি ভিত্তিতে রফাসূত্র দরকার।’ সচিব সৃঞ্জয় বসু ক্ষুব্ধ। বললেন, ‘ফেডারেশন, এফএসডিল কেউই দায় এড়াতে পারে না। আমরা উদ্বিগ্ন।’ ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আইএসএল অনিশ্চিত। অথচ ইতিমধ্যেই কাঁড়ি কাঁড়ি টাকা ইনভেস্ট করে ফুটবলারদের সঙ্গে চুক্তি করা হয়েছে। তার দায় কে নেবেন? তবে আমার বিশ্বাস দ্রুত সমাধান মিলবে।’ মহমেডান স্পোর্টিংয়ের তরফে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানান, ‘সমস্যা কাটবেই। তবে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় পাওয়া গেল।’

Advertisement

২০১০ সালে ফেডারেশনের সঙ্গে রিলায়েন্স গোষ্ঠীর চুক্তি হয়। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) গোটা বিষয়টি দেখাশোনা করে। ১৫ বছরের চুক্তি ফুরোচ্ছে আগামী ডিসেম্বরে। কিন্তু এখনও পর্যন্ত নতুন মাস্টার রাইটস সই করেনি সর্বভারতীয় ফুটবল সংস্থা। আর তা নিয়েই যাবতীয় জটিলতা। সূত্রের খবর, লোকসান কমাতে নতুন ফরম্যাটে আইএসএলের আয়োজন করতে চায় এফএসডিএল। প্রাথমিক খসড়াও তৈরি। মোট ১২ টি ক্লাবকে নিয়ে আইএসএলের পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, ৬০ শতাংশ শেয়ার ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির হাতে রাখার পরিকল্পনা আইএসএল আয়োজকদের। ২৬ শতাংশ শেয়ার পাবে এফএসডিএল। মাত্র ১৪ শতাংশের মালিকানা থাকবে ফেডারেশনের হাতে। অভিজ্ঞদের ধারণা, এই চুক্তি কার্যকর হলে আরও অস্তিত্বহীন হবে ফেডারেশন। ফুটবল কর্তারা জানতেন, সমস্যা আসন্ন। তা সত্ত্বেও সমাধানের রাস্তা খোঁজেননি কেউই। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে প্রতিশ্রুতির ফানুস উড়িয়েছেন। আদতে গেরুয়া শিবিরের হাত ধরে চেয়ার বাঁচানোই লক্ষ্য। কথায় আছে, ফূর্তির প্রাণ গড়ের মাঠ। চরম ডামাডোলেও বিদেশে ক্লাব বিশ্বকাপ দেখে বেড়াচ্ছেন তিনি। কিন্তু ভারতীয় ফুটবল এক পাও এগয়নি। এফএসডিএল হলুদ কার্ড দেখানোর পর আরও গাড্ডায় এদেশের ফুটবল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ