২০২৫ দারুণ কাটছে অভিনেতা ঈশান খট্টরের। তাঁর অভিনীত সিনেমা ‘হোমবাউন্ড’ এবার অস্কারের দৌড়ে রয়েছে। ভারত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছে সিনেমাটি। আবার চলতি বছরই মুক্তি পেয়েছে তাঁর সিরিজ ‘দ্য রয়্যালস’। দর্শক মহলে প্রশংসা পেয়েছে ঈশানের কাজ। তবে এই সিরিজে তাঁকে কতবার ‘শার্টলেস’ দৃশ্যে অভিনয় করতে হয়েছে, নিজেই ভুলে গিয়েছেন অভিনেতা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন নায়ক। তাঁর কথায়, ‘অনেকেই জানিয়েছেন, আমাকে বারবার এমন দৃশ্যে দেখা যাচ্ছে। আমাকে যেন এমন দৃশ্যের জন্যই কাস্ট করেছেন পরিচালক। আসল ব্যাপারটা আমার কাছে অন্যরকম। আমার মনে হয়েছিল, মহিলা অনুরাগীদের জন্যই হয়তো আমাকে শার্টলেস দৃশ্য করতে হচ্ছে। তবে পুরুষ অনুরাগীদের তরফে এত প্রতিক্রিয়া পেয়ে ভুল ভাঙল। তাঁরাও একাধিকবার দেখেছেন সিরিজটি।’ কয়েকবছর আগেও ‘শার্টলেস’ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে সলমন খানকে নিয়ে আলোচনা হতো। সলমনের কস্টিউম ডিজাইন করা নাকি সবথেকে সহজ— এ নিয়ে মশকরা চালু ছিল ইন্ডাস্ট্রিতে। এবার ঈশানের ‘শার্টলেস’ দৃশ্য নিয়েও তুমুল চর্চা চলছে। তবে এ ঘটনা সচেতন ভাবে ঘটাননি, তা স্পষ্ট জানিয়েছেন ঈশান।



