নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২২ সালের কথা। চাষের জমিতে কেমিক্যাল যুক্ত সার ব্যবহারের কারণে মানুষের ক্যানসার হওয়ার সম্ভাবনার আশঙ্কা করেছিলেন অমিত শাহ। গুজরাতের গান্ধীনগরে কৃষকদের সেই অনুষ্ঠানে এনিয়ে আশঙ্কাপ্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বিষয়টিকেই সংসদীয় কমিটিতে আলোচনার অন্যতম বিষয় করলেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। বৈঠকে সার ও রসায়ন সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারর্পাসনের প্রশ্নের মুখে পড়েন উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকরা। সারে কেমিক্যাল ব্যবহারের কারণে ক্যানসার আক্রান্তের সংখ্যা বেড়েছে কি না এবং তা নিয়ে কোনো সরকারি সমীক্ষা হয়েছে কি না, জানতে চান কাকলি। জবাব দিতে না পেরে আধিকারিকরা জানান, আগামী এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। উল্লেখ্য, বুধবারের ওই বৈঠকে সার ও রসায়ন, স্বাস্থ্য, কৃষি, পেট্রোলিয়াম এবং শ্রমমন্ত্রকের আধিকারিকদের ডাকা হয়েছিল।
পাশাপাশি, কেমিক্যাল কারখানায় কর্মরত অস্থায়ী শ্রমিকদের জীবনের ঝুঁকির বিষয়ে দায়ভার কেন নেয় না সংশ্লিষ্ট কোম্পানি, সেই প্রশ্নও উঠেছে বৈঠকে। বিশ্বস্ত সূত্রে খবর, শুধু সার ও রসায়ন সংক্রান্ত কমিটির চেয়ারপার্সনই নন, কংগ্রেসের অখিলেশ প্রসাদ সিং, বিজেপির অজয় ভাটের মতো কমিটির সাংসদ সদস্যও এনিয়ে সরব হন। সংসদে দেওয়া মোদি সরকারের তথ্য বলছে, গত পাঁচ বছরে (২০২১-’২৫) কারখানায় মারাত্মক জখম হয়েছেন মোট ৩ হাজার ৮০২ জন। যার মধ্যে সবার উপরে মোদি-শাহর রাজ্য গুজরাত। সংখ্যাটি ১ হাজার ৯৯। মহারাষ্ট্রে ৭০৫। মধ্যপ্রদেশে ১৬০। হরিয়ানায় ৯২। একইভাবে এনডিএমএ’র রিপোর্ট বলছে, কেমিক্যাল কারখানায় কাজের সময় কেমিক্যাল লিক হয়ে আগুন লাগায় প্রাণ হারিয়েছেন আড়াইশোরও বেশি। জখম হয়েছেন ৫০০ জনেরও বেশি। মৃত এবং জখমের ৬৫ শতাংশই অস্থায়ী কর্মী। সেই রিপোর্ট হাতিয়ার করেই এ বিষয়ে শ্রমমন্ত্রক কী করছে, কেমিক্যাল কারখানার অস্থায়ী কর্মীদের ক্ষতিপূরণ নিয়েই বা কী নীতি রয়েছে, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।



