মুম্বই: আইপিএলে শুধু মাঠের লড়াই নয়, নিলাম ঘিরেও থাকে তুমুল কৌতূহল। আগের ভুলভ্রান্তি শুধরে শক্তিশালী দল গড়ার মাধ্যম এটাই। পরবর্তী আইপিএল নিলাম খুব সম্ভবত ডিসেম্বরের ১৩-১৫ তারিখ হবে। গত দু’বার বিদেশে বসেছিল ক্রিকেটার কেনাবেচার আসর। পরের নিলামের ভেন্যু এখনও ঠিক হয়নি। বিসিসিআই কর্তারা এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
ধরে রাখা ক্রিকেটারদের তালিকা ১৫ নভেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংস এবার ঢেলে সাজাতে চাইছে স্কোয়াড। একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে হলুদ ব্রিগেড। রাজস্থান রয়্যালস গত আইপিএল থেকেই চর্চায়। কোচ রাহুল দ্রাবিড় পদত্যাগ করেছেন। সঞ্জু স্যামসনও নতুন দলের সন্ধানে। তিনি নিলামে অংশ নেন কিনা, সেটাই দেখার। তবে কেরলের তারকা ব্যাটার নিলামে অংশ নিলে তাঁকে ছিনিয়ে নিতে ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের আগ্রহ রয়েছে সঞ্জুকে ঘিরে। আসলে শাহরুখ খানের কেকেআর নতুন নেতার খোঁজ চালাচ্ছে। সঞ্জুকে পেলে তাদের সমস্যা অনেকটাই মিটে যাবে। চেন্নাই সুপার কিংস থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ধোনিও খেলেছেন আনক্যাপড প্লেয়ার হিসেবে। ফলে সিএসকে’র হাতে থাকতে পারে অতিরিক্ত টাকা। আবার বেঙ্কটেশ আয়ারকে নিয়ে দোটানায় কেকেআর। বিপুল অর্থের বিনিময়ে তাঁকে দলে নিয়েছিল নাইট রাইডার্স। কিন্তু গতবার বেঙ্কির পারপরম্যান্স টিম ম্যানেজমেন্টকে হতাশ করেছে। তাই বেঙ্কটেশকে নিলামে তুলতে পারে শাহরুখের দল। সেক্ষেত্রে কম দামে আবার তাঁকে কিনে নেওয়ার সুযোগ থাকবে। এছাড়া সামি, ম্যাক্সওয়েলের মতো নামধারী ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলি।