বার্ড ফ্লু’র দেশীয় টিকা আবিষ্কার আইসিএআরের, বাজারে আজ
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাঁস-মুরগির বার্ড ফ্লু রুখতে এবার দেশীয় টিকা আবিষ্কার করল ভারত। এতে স্রেফ হাঁস-মুরগির হাইলি প্যাথোজেনিক অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে। শুধু তাই নয়, পোলট্রি ব্যবসার কোটি কোটি টাকা ক্ষতি আটকানোও লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্র। সম্পূর্ণ দেশি এই টিকা আজ, শুক্রবার বাজারে আনা হবে। সূচনা করবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের ভোপালের আইসিএআর-ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেস (আইসিএআর-নিশাদ) এই টিকা তৈরি করেছে। 

Advertisement

ইদানিং বার্ড ফ্লু অনেকাংশে কমে গেলেও সম্পূর্ণ শেষ হয়নি। সম্প্রতি কেরল এবং তামিলনাড়ুতে বার্ড ফ্লুর খবর মিলেছে। কেন্দ্র এবং রাজ্য মিলে তা নিয়ন্ত্রণে এনে ফেলেছে ঠিকই। তবে কীভাবে বার্ড ফ্লু আটকানো যায়, তার উপর জোর দিতেই গবেষণার ফলে তৈরি হয়েছে ভ্যাকসিন বা টিকা। সম্পূর্ণ দেশীয়। এটি বার্ড ফ্লু ভাইরাসের ‘এইচ-৫ এন-১’ স্ট্রেইনের আক্রমণ থেকে পোলট্রির হাঁস মুরগিকে আক্রান্ত হওয়ার হাত থেকে রুখবে। ভাইরাসের এই স্ট্রেইন স্রেফ হাঁস মুরগিই নয়, গোরু-ছাগলের মতো গবাদি প্রাণীকেও হামলা করতে সক্ষম। প্রভাব ফেলতে পারে মানবশরীরেও। 
মন্ত্রকের মতে, বার্ড ফ্লুর জেরে দেশে পোলট্রি ব্যবসায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়। যার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব দেশের জিডিপি বৃদ্ধির হার ১.৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। রোগটি নিয়ন্ত্রণ করতে না পারলে মোট পোলট্রি প্রোডাক্টের ২০ শতাংশেরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে। ২০০৬ সালে বার্ড ফ্লুর জেরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুমানিক দু থেকে তিন হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছিল। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে গোটা বিশ্বের ২৫টি দেশে ‘এইচ-৫ এন-১’ এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় ১,০০৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন।  ৪৭৯ জনের মৃত্যুও হয়েছে। তাই বার্ড ফ্লু আটকাতে এবার দেশীয় টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছে কেন্দ্র। এখনই মুরগিকে এই ভাইরাসের সংক্রমণ থেকে আটকানো অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন পোলট্রি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কমানো সম্ভব হবে, তেমনই মুরগির থেকে অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের ঝুঁকিও কমবে।