মুম্বই, ২৪ জানুয়ারি: শেয়ার বাজার মানেই ওঠা-নামা! তবে চলতি সপ্তাহে রীতিমতো ঝঞ্ঝার মুখে পড়েছিল ভারতীয় শেয়ার বাজার। এক সপ্তাহে সেনসেক্সের পতন হয়েছে ২,০০০ পয়েন্টের বেশি। যার ফলে রীতিমতো আতঙ্ক লগ্নিকারীদের মধ্যে।কারণ, মোট ১৬ লক্ষ কোটি টাকারও বেশি কমে গিয়েছে তাঁদের।
এরইসঙ্গে রক্তক্ষরণ অব্যহত টাকার। গত শুক্রবার আরও তলানিতে নেমে গিয়েছে ভারতীয় মুদ্রার দর। একসময় এক ডলার সমান দাঁড়ায় ৯২ টাকা। যা সর্বকালীন রেকর্ড। যদিও শেষ মুহূর্তে সামান্য বেড়ে মার্কিন মুদ্রার নিরিখে টাকা থিতু হয় ৯১.৯০-তে।
গতকাল টাকা ঢালার বদলে লগ্নিকারীদের মধ্যে মুনাফা ঘরে তোলার প্রবণতাই ছিল বেশি। রক্ষা পায়নি বড় শেয়ারগুলিও। সকালে কিছুটা উপরের দিকে বাজার খুললেও কিছুক্ষণের মধ্যে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই প্রবণতা দেখা গিয়েছে বাজার বন্ধ হওয়া পর্যন্ত। দিনের অধিকাংশ সময় নিম্নমুখী ছিল সূচক। বন্ধ হওয়ার সময় বিএসই সেনসেক্স পড়ে যায় ৭৬৯.৬৬ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ। থিতু হয় ৮১,৫৩৭.৭০ অঙ্কে।
তথ্য বলছে, এক সপ্তাহে সেনসেক্সের পতন হয়েছে ২,০৩২.৬৫ পয়েন্ট বা ২.৪৩ শতাংশ। একই অবস্থা নিফটির। এনএসই সূচক পড়েছে ৬৪৫.৭০ পয়েন্ট বা ২.৫১ শতাংশ। এদিকে, বিএসই নথিভুক্ত কোম্পানিগুলির মোট মার্কেট ভ্যালু কমেছে ১৬ লক্ষ ২৮ হাজার ৫৬১ কোটি টাকারও বেশি।