দুবাই: শেষ বলে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৩ রান। হর্ষিত রানার ডেলিভারি লং অনে পাঠিয়ে দাসুন শানাকা দু’রান ছিনিয়ে নিতেই ভারতীয় ডাগ-আউটে হতাশা। অর্থাত্, ভারতের (২০২-৫) সমান শ্রীলঙ্কার ইনিংসও শেষ হলে ৫ উইকেটে ২০২ রানে। ম্যাচ টাই। খেলা গড়াল সুপার ওভারে। এই পর্বে অবশ্য পেরে ওঠেনি শ্রীলঙ্কা। অর্শদীপ সিংয়ের অনবদ্য বোলিংয়ের সামনে পাঁচ বলের মধ্যেই ২ উইকেট খোয়ায় আসালঙ্কা-ব্রিগেড। স্কোর মাত্র ২। আর জবাবে প্রথম বলেই লক্ষ্যে পৌঁছয় ভারত। এক্সট্রা কভারে বল ঠেলে তিন রান ছিনিয়ে নেন সূর্য।
ফাইনালের টিকিট অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল ভারতের। তবে শুক্রবার সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে বেশ বেগ পেতে হল সূর্যকুমার যাদবদের। ফাইনালে আগে যা চিন্তায় রাখছে কোচ গৌতম গম্ভীরকে। পক্ষান্তরে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তাঁর দুরন্ত শতরানে ভর করেই ম্যাচ টাই করেছিল শ্রীলঙ্কা। ৫৮ বলে তাঁর ১০৭ রানের ইনিংস সাজানো ৭টি চার ও ৬টি ছক্কায়।
এশিয়া কাপে ভারতীয় ব্যাটিংকে টানছেন অভিষেক। এদিনও ব্যতিক্রম হয়নি। দুরন্ত ৬১ রান করেন তিনি। টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি এল বাঁ-হাতি ওপেনারের ব্যাটে। গিল ও সূর্যকুমারকে নিয়ে অবশ্য চিন্তা থেকেই গেল। ব্যর্থ হার্দিক পান্ডিয়াও। চারে এবং পাঁচে নামা যথাক্রমে তিলক ও সঞ্জু চতুর্থ উইকেটে ৬৬ রান যোগ করে সচল রাখলেন স্কোরবোর্ড। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে স্কোর দুশোর ওপারে পৌঁছে দেন অক্ষর প্যাটেল (২১)।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুসল মেন্ডিসের উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। তবে পেরেরাকে সঙ্গে নিয়ে ইনিংস টেনে নিয়ে যান পাথুম নিশাঙ্কা। প্রথম উইকেটের জুটিতে উঠল ১২৭ রান। তবে পেরেরা আউট হতেই লঙ্কা বাহিনীর বিপর্যয় শুরু। তবু লড়াই চালাচ্ছিলেন পাথুম। ৫২ বলে শতরান পূর্ণ করেন তিনি। হর্ষিতের বলে পাথুম ফিরলেও শেষ পর্যন্ত স্কোর সমান করেন শানাকারা। আর সুপার ওভারে শেষ হাসি হাসে ভারতই।
স্কোর: ভারত- অভিষেক ক মেন্ডিস বো আশালঙ্কা ৬১, শুভমান ক ও বো থিকশানা ৪, সূর্যকুমার এলবিডব্লু বো হাসারাঙ্গা ১২, তিলক অপরাজিত ৪৯, সঞ্জু ক আশালঙ্কা বো শানাকা ৩৯, হার্দিক ক ও বো চামারা ২, অক্ষর অপরাজিত ২১, অতিরিক্ত ১৪, মোট (২০ ওভারে, ৫ উইকেটে) ২০২। উইকেট পতন: ১-১৫, ২-৭৪, ৩-৯২, ৪-১৫৮, ৫-১৬২।
শ্রীলঙ্কা – পাথুম ক বরুণ বো রানা ১০৭, মেন্ডিস ক শুভমান বো হার্দিক ০, কুসল স্টাম্প সঞ্জু বো বরুণ ৫৮, আশালঙ্কা ক শুভমান বো কলদীপ ৫, মেন্ডিস ক অক্ষর বো অর্শদীপ কুলীপ ৩, শানাকা অপরাজিত ২২, জানিথ অপরাজিত ২, অতিরিক্ত ৫, মোট (২০ ওভারে, ৫ উইকেটে) ২০২। উইকেট পতন: ১-৭, ২-১৩৪, ৩-১৫৭, ৪-১৬৩, ৫-১৯১ ।
সুপার ওভার: শ্রীলঙ্কা- কুশল বো অর্শদীপ ০, শানাকা বো অর্শদীপ ০, মেন্ডিস ১, অতিরিক্ত ১, মোট (০.৫ ওভারে ২ উইকেটে) ২। ভারত- সূর্যকুমার অপরাজিত ৩, শুভমান অপরাজিত ০, অতিরিক্ত ০, মোট (০.১ ওভারে) ৩।
সুপার ওভারে জয়ী ভারত।