Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চার উইকেট কুলদীপের, এশিয়া কাপ দাপটে শুরু সূর্যদের, আমিরশাহিকে উড়িয়ে দিল ভারত

দু’ঘণ্টাও লাগল না। সংযুক্ত আরব আমিরশাহিকে রীতিমতো দুরমুশ করে এশিয়া কাপে অভিযান শুরু করল ভারত। লড়াইটা অবশ্যই ডেভিড বনাম গোলিয়াথের ছিল।

চার উইকেট কুলদীপের, এশিয়া কাপ দাপটে শুরু সূর্যদের, আমিরশাহিকে উড়িয়ে দিল ভারত
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

দুবাই: দু’ঘণ্টাও লাগল না। সংযুক্ত আরব আমিরশাহিকে রীতিমতো দুরমুশ করে এশিয়া কাপে অভিযান শুরু করল ভারত। লড়াইটা অবশ্যই ডেভিড বনাম গোলিয়াথের ছিল। কিন্তু তা বলে সেটা যে এমন একপেশে ক্লাবস্তবের মোকাবিলায় পরিণত হবে, তা আন্দাজ করা যায়নি। অথচ, বুধবার মরুদেশে এশিয়া কাপে গ্রুপ এ’র ম্যাচে ঠিক সেটাই হল। 

Advertisement

টস হেরে প্রথমে ব্যাট করে আয়োজক দলের ইনিংস শেষ হয় মাত্র ৫৭ রানে। ভারতের বিরুদ্ধে পুরুষদের টি-২০ ক্রিকেটে এটা কোনও দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০২৩ সালে আমেদাবাদে নিউজিল্যান্ডের ৬৬ ছিল ভারতের বিরুদ্ধে কোনও প্রতিপক্ষের সবচেয়ে কম রান। এদিন পুরো ওভারও খেলতে পারল না আমিরশাহি। তাদের ইনিংসে দাঁ঩ড়ি পড়ল মাত্র ১৩.১ ওভারে। ‘ম্যাচের সেরা’ কুলদীপ যাদবের ঘূর্ণি আর শিবম দুবের পেসের সামনে অসহায় দেখায় মুহাম্মদ ওয়াসিমদের। জবাবে ৪.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছয় টিম ইন্ডিয়া (৬০-১)। এই জয় নিঃসন্দেহে পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের মহারণের আগে আত্মবিশ্বাস বাড়াবে সূর্যকুমার যাদবের দলের। 
অথচ, আমিরশাহির ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। পাওয়ার প্লে’র ছয় ওভারে ৪১ রান। তারপরই ভাঙন শুরু। কুলদীপই বিধ্বংসী হয়ে ওঠেন। নবম ওভারে তিন উইকেট নেন চায়নাম্যান স্পিনার। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজের পুরোটাই রিজার্ভে বেঞ্চে বসে কাটাতে হয়েছিল তাঁকে। এশিয়া কাপেও প্রথম এগারোয় ৩০ বছর বয়সির থাকা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু এদিনের পর কুলদীপকে নিয়ে যাবতীয় সংশয় উড়ে গেল। তাঁর বোলিং গড় তাকলাগানো (২.১-০-৭-৪)। উইকেট পেলেন অন্য দুই স্পিনার বরুণ চক্রবর্তী (১-৪), অক্ষর প্যাটেলও (১-১৩)। দুরন্ত ইয়র্কারে উইকেট নিলেন যশপ্রীত বুমরাহও (১-১৯)। আমিরশাহির তৃতীয় উইকেট পড়েছিল ৪৭ রানে। সেখান থেকে ইনিংস থামল ৫৭’তে। অর্থাৎ, শেষ আট উইকেট পড়ে মাত্র দশ রানে!
কুলদীপ নন, বড় চমক দিলেন শিবম দুবে। দুই ওভার হাত ঘুরিয়ে চার রানে তিন উইকেট নেন অলরাউন্ডারটি। 
এদিন টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করেন দুই বন্ধু অভিষেক শর্মা এবং শুভমান গিল। দলে থাকলেও ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে আসেন সঞ্জু স্যামসন। তবে তাঁর ব্যাট হাতে ক্রিজে যাওয়ার দরকার পড়েনি। ইনিংসের প্রথম বলটাই ছক্কা মারেন অভিষেক। পরেরটিও পাঠান বাউন্ডারিতে। ১৬ বলে অভিষেকের ৩০ রানে ছিল তিনটি ছক্কা ও দুটো চার। উল্টোদিকে গিল, সূর্যকুমারও ছিলেন ছন্দে। জয় আসে ৯ উইকেটে, ৯৩ বল বাকি থাকতে। উল্লেখ্য, দুই ইনিংস মিলিয়ে খেলা হল মোটে ১০৬ বল!
স্কোরবোর্ড: আমিরশাহি- শারাফু বো বুমরাহ ২২, ওয়াসিম এলবিডব্লু বো কুলদীপ ১৯, জোহাইব ক কুলদীপ বো বরুণ ২, রাহুল ক গিল বো কুলদীপ ৩, আসিফ ক স্যামসন বো দুবে ২, হর্ষিত বো কুলদীপ ২, ধ্রুব এলবিডব্লু বো দুবে ১, সিমরণজিত্ এলবিডব্লু বো অক্ষর ১, হাইদার ক স্যামসন বো কুলদীপ ১, জুনেইদ ক সূর্যকুমার বো দুবে ০, রোহিদ অপরাজিত ২, অতিরিক্ত ২, মোট (১৩.১ ওভারে) ৫৭। উইকেট পতন: ১-২৬, ২-২৯, ৩-৪৭, ৪-৪৮, ৫-৫০, ৬-৫১, ৭-৫২, ৮-৫৪, ৯-৫৫, ১০-৫৭। বোলিং: হার্দিক ১-০-১০-০, বুমরাহ ৩-০-১৯-১, অক্ষর ৩-০-১৩-১, বরুণ ২-০-৪-১, কুলদীপ ২.১-০-৭-৪, দুবে ২-০-৪-৩।
ভারত- অভিষেক ক হাইদার বো জুনেইদ ৩০, গিল অপরাজিত ২০, সূর্যকুমার অপরাজিত ৭, অতিরিক্ত ৩, মোট (৪.৩ ওভারে) ১ উইকেটে ৬০। উইকেট পতন: ১-৪৮। বোলিং: হাইদার ১-০-১০-০, রোহিদ ১-০-১৫-০, ধ্রুব ১-০-১৩-০, জুনেইদ ১-০-১৬-১, সিমরণজিত্ ০.৩-০-৬-০।
 ৯ উইকেটে জয়ী ভারত।
 ম্যাচের সেরা- কুলদীপ যাদব।

Advertisement
সম্পর্কিত সংবাদ