Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মহিলাদের বিশ্বকাপে ভারত-পাক মহারণ, হরমনপ্রীতরাই আজ ফেভারিট

বাইশ গজে রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। এবারের মঞ্চ অবশ্য মহিলাদের ওডিআই বিশ্বকাপ। তবে ফতিমা সানা বাহিনীর বিরুদ্ধে হরমনপ্রীত কাউর ব্রিগেডের ম্যাচ নিয়ে দ্বীপরাষ্ট্রেও রীতিমতো উত্তেজনা।

মহিলাদের বিশ্বকাপে ভারত-পাক মহারণ, হরমনপ্রীতরাই আজ ফেভারিট
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: বাইশ গজে রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। এবারের মঞ্চ অবশ্য মহিলাদের ওডিআই বিশ্বকাপ। তবে ফতিমা সানা বাহিনীর বিরুদ্ধে হরমনপ্রীত কাউর ব্রিগেডের ম্যাচ নিয়ে দ্বীপরাষ্ট্রেও রীতিমতো উত্তেজনা। সম্প্রতি এশিয়া কাপে সূর্যকুমার যাদবদের দেখানো দাপট স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মারা বজায় রাখতে পারবেন কিনা, চর্চা তুঙ্গে। কৌতূহল থাকছে, টসের সময় দুই ক্যাপ্টেন হাত মেলাবেন কিনা, তা নিয়েও।

Advertisement

মাঠের বাইরের আবহ যত উত্তপ্তই থাক, পরিসংখ্যানে ঢের এগিয়ে ভারত। সব ফরম্যট মিলিয়ে দু’দল মুখোমুখি হয়েছে ২৭বার। তাতে ভারত জিতেছে ২৪টিতে। পাকিস্তানের জয় মাত্র তিন। সেটাও টি-২০ ফরম্যাটে। পঞ্চাশ ওভারের ঘরানায় ১১টি ম্যাচেই সবুজ জার্সিধারীদের হারিয়েছে ভারত। তাছাড়া, চলতি আসরের প্রথম ম্যাচ হরমনপ্রীতরা দাপটে জিতলেও বাংলাদেশের কাছে জঘন্যভাবে হেরেছে পাকিস্তান। কোনও সন্দেহ নেই, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষরা ফেভারিট হিসেবেই নামবেন প্রেমদাসা স্টেডিয়ামে। পাশাপাশি ভারত চাইবে রান-রেটও বাড়িয়ে নিতে। তারজন্য ব্যাটারদের নিতে হবে বাড়তি দায়িত্ব।
পাক শিবির আবার ইতিহাস মাথায় রাখতে চাইছে না। ক্যাপ্টেন ফতিমা বলেছেন, ‘রেকর্ড যাই হোক না কেন, একসময় তা ভাঙেই। ভারতকে হারানো যাবে না, এমনটা মোটেই নয়। বিপক্ষ যে দলই হোক, ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। আমরা তাই ইতিহাস মাথায় রাখছি না।’ শুধু অতীত রেকর্ডেই নয়, হালফিল পারফরম্যান্সের নিরিখে ধারে-ভারেও দারুণ শক্তিশালী ভারত। দলের ব্যাটিং গভীরতা যথেষ্ট। এই ম্যাচে খেলতে পারেন চোট সারিয়ে ওঠা বর্ষীয়ান পেসার রেণুকা সিং। ফলে তীক্ষ্ণতা বাড়বে পেস বোলিংয়ে। 
 খেলা শুরু দুপুর ৩টেয়। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ