সংবিধান দিবস পালনের অধিকার নেই ইন্ডির: শুভেন্দু, গণতন্ত্র ধ্বংস নিয়ে বিজেপিকে পালটা তোপ শুভঙ্করের
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধান দিবসকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানাল বিজেপি ও কংগ্রেস। বুধবার বিধানসভায় গিয়ে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কংগ্রেসকে নিশানা করে তাঁর বক্তব্য, যারা জরুরি অবস্থার মতো কালো দিন এনেছিল তারা এবং তাদের সহযোগি ইন্ডি জোটের অধিকার নেই সংবিধান দিবস পালন করার। সংবিধান নিয়ে ওরা বড়ো বড়ো কথা বলবে, এটা মানায় না। পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, পূর্বতন সরকার সংবিধানের চারটি স্তম্ভকে আক্রমণ করেছিল। আর আমাদের মাত্র ২০০ দিনের সরকারের সময়ে মানুষ বাস্তব পরিস্থিতি দেখতে পাচ্ছেন। ২০২১ সালের বিধানসভার নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটেছিল। কিন্তু ২০২৬ সালে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন করিয়েছে তা গত ৫০ বছরে হয়নি। এই ভোটে একজন মানুষেরও প্রাণহানির ঘটনা ঘটেনি।

Advertisement

অন্যদিকে, সংবিধান দিবসে কলকাতার গড়িয়াহাট মোড় থেকে হাজরা পর্যন্ত মিছিল করে কংগ্রেস। সংবিধানের প্রতিকৃতি হাতে নিয়ে মিছিলে পা মেলান কংগ্রেসের কর্মী-সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ভোট চুরি করেছে বিজেপি। গণতন্ত্রকে ধ্বংস করেছে ওরা। দলীয় স্বার্থে ব্যবহার করে নির্বাচন কমিশনের পবিত্রতাকে নষ্ট করেছে বিজেপি। তাই ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ ডাক উঠেছে দেশজুড়ে। আমাদের শপথ, মানুষের ভোটাধিকার হরণ করতে দেব না।