দুবাই: নিয়মরক্ষার ম্যাচ হলেও শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা। নির্ধারিত ২০ ওভারে ম্যাচের ফয়সলা হল না। খেলা গড়াল সুপার ওভারে। তবে শেষ হাসি হাসলেন সূর্যকুমার যাদবরা। সুপার ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত করল ভারত। সেইসঙ্গে অপরাজিত তকমা ধরে রেখেই পৌঁছে গেল এশিয়া কাপের ফাইনালে।
এই টুর্নামেন্টে ফাইনালের টিকিট আগেই পাকা করে নিয়েছিল টিম ইন্ডিয়া। আগামী রবিবার সূর্যকুমারদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এমন পরিস্থিতিতে নিয়মরক্ষার ম্যাচে শুক্রবার সূর্যকুমাররা মুখোমুখি হয়েছিলেন শ্রীলঙ্কার। কিন্তু এই ম্যাচ দু’দলের কাছে কার্যত প্রেস্টিজ ফাইটে পরিণত হয়। সময় যত গড়িয়েছে ততই বাড়তে থাকে উত্তেজনার পারদ। যে কোনও মুহূর্তে যা কিছু হতে পারে! এক সময় দুরুদুরু বুকে স্ক্রিনের সামনে থেকে এক মুহূর্তের জন্যও মুখ ঘোরানোর যো ছিল না ক্রিকেট ভক্তদের। সুপার ফোরের ম্যাচে যেন ফাইনালের আমেজ!
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অভিষেক শর্মা (৬১) ও তিলত ভার্মার (৪৯) দৌলতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে ভারত। বড় রানের টার্গেট তাড়া করতে নেমে ঝড় তোলেন শ্রীলঙ্কার নিসাঙ্কা। ৫৮ বলে ১০৭ রান তোলেন তিনি। কুসল পেরেরা করেন ৫৮ রান। এক সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কার জয় প্রায় নিশ্চিত। কিন্তু সব হিসেব ওলটপালট করে ২০ ওভারে ২০২ রানে থামে তাদের ইনিংস। অর্থাৎ ম্যাচ ড্র। হার-জিতের ভাগ্য নির্ধারণ হবে সুপার ওভারে। স্নায়ুর লড়াইয়ে ভারতীয় অর্শদীপের কাছে কার্যত আত্মসমর্পণ করে লঙ্কা-বাহিনী। প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান তোলে তারা। ভারতের টার্গেট ৩ রান। আর প্রথম বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন সূর্যকুমার।
আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এমন এক হাইভোল্টেজ লড়াইয়ের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিনের জয় সূর্যকুমারদের আরও আত্মবিশ্বাস বাড়াবে। মত বিশেষজ্ঞদের।