


ওভাল, ৪ আগস্ট: ‘জো জিতা ওহি সিকন্দর’ আমির খানের এই সিনেমার কথা খাটে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের ক্ষেত্রে। কারণ ওভাল টেস্টে ভারতীয় কিংবা ইংল্যান্ড দুই দলের খেলোয়াড়রাই লড়েছেন। কেউ প্রথম ইনিংসে আবার কেউ দ্বিতীয় ইনিংসে। দুই দলেরই অনবদ্য প্রদর্শন দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও শেষ হাসি হেসেছে ভারত। গম্ভীরের ছেলেদের দুরন্ত বোলিংয়ের জেরে ভারত জিতেছে শেষ তথা পঞ্চম টেস্টে। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণের দাপুটে বোলিংয়ে ওভাল টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের শুরুটা সিরিজ ড্র দিয়েই সূচনা করলেন শুভমান গিলরা। ওভাল টেস্টের শুরু থেকেই চাপে ছিল ভারত। কারণ এই টেস্টে জিততেই হতো শুভমান গিলদের।
নইলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ সিরিজ হাতছাড়া হতো(একটি ম্যাচ ড্র হয়)। তাই জীবন দিয়েই লড়েছেন গম্ভীরের ছেলেরা। পঞ্চম টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ধরাশায়ী হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটাররা। যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেলরা বেশিক্ষণ ক্রিজে টিকতেই পারেননি। প্রথম ইনিংসে ভারতের হয়ে লড়েন করুণ নায়ার(৫৭) ও সাই সুদর্শন (৩৮)। তাঁদের কাঁধে ভর করেই ভারত প্রথম ইনিংসে পৌঁছয় ২২৪ রানে। জবাবে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুটা ভালোই করেন জ্যাক ক্রলি(৬৪) ও বেন ডাকেট (৪৩)। কিন্তু ভারতীয় ব্যাটারদের মতোই অবস্থা হয় ইংল্যান্ডের। হ্যারি ব্রুক (৫৩) ছাড়া ভারতীয় বোলিংয়ের সামনে টিকতে পারেননি জো রুট, ওলি পোপ, জ্যামি স্মিথরা। প্রথম ইনিংসে মাত্র ২৩ রানের লিড নেন ওলি পোপরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অন্য রূপ দেখান ভারতীয় ব্যাটাররা। দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। করেন সেঞ্চুরি। রবীন্দ্র জাদেজ ও ওয়াশিংটন সুন্দরের হাফসেঞ্চুরি এবং নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশদীপের ৬৬ রান ভারতকে লড়াই করার মতো স্কোর এনে দেয়।
জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭৪ রানের। জবাবে ব্যাট করতে নেমে হোঁচট খেতে থাকেন ওলি পোপরা। মেঘলা আবহাওয়া ও সঙ্গে মৃদু বাতাস, এই সুযোগগুলিকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন মহম্মদ সিরাজরা। কিন্তু হ্যারি ব্রুক ও জো রুটের সেঞ্চুরির পর বেশ চাপে পড়ে যায় ভারত। তবে পঞ্চম দিনের সকালটা ছিল অন্য। দাপটের সঙ্গে বোলিং করেন সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। বুমরাহ অভাব টের পেতে দেননি দুই পেসার। শেষে ইংল্যান্ডের ব্যাটাররা লড়েও হারেন ৬ রানে। ওভাল টেস্টের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মহম্মদ সিরাজ। গোটা সিরিজের ম্যান অব দ্য সিরিজ হয়েছেন হ্যারি ব্রুক ও শুভমান গিল।