নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তলানি থেকে ঘুরে দাঁড়াচ্ছে ভারত-আমেরিকার সম্পর্ক! গত কয়েক মাস ধরে বাণিজ্য-শুল্ক নিয়ে টানা উত্তেজনার পর এবার যেন কাছাকাছি আসতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। তাতে অবশ্য আপত্তি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও, বরং সায়ই দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন ভারত-চীন-রাশিয়াকে একমঞ্চে দেখেই টনক নড়েছে ট্রাম্পের। আর তার জেরেই হু হু করে গলছে বরফ। এদিন মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও আমেরিকা উভয়ই বাণিজ্য নিয়ে চলা উত্তেজনা প্রশমন করার জন্য আলোচনায় বসবে। আমার খুব ভালো বন্ধু মোদির সঙ্গে কথা বলতে আমি আগ্রহী। আশা রাখি দুই দেশই বাণিজ্য নিয়ে একটি সফল আলোচনা করবে।”
ট্রাম্পের এই প্রস্তাবের পরেই মৌনতা ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলেন, “ভারত ও আমেরিকা খুবই ভালো বন্ধু। দুই দেশের মধ্যে বাণিজ্যিক আলোচনা অসীম সম্ভাবনার পথ উন্মোচন করবে। ভারতও যত তাড়াতাড়ি সম্ভব এই আোচনায় বসতে চাইছে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি আমরা ঐক্যমতে এসে দু’দেশের জনগণের জন্যই একটি উজ্জ্বল এবং আরও সমৃদ্ধ ভবিষ্যত তৈরি করব।”
প্রসঙ্গত, গত কয়েকবছর ধরেই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটেছিল। কিন্তু কয়েকমাস আগেই ভারতীয় শুল্কনীতির বিরুদ্ধে সরব হন ট্রাম্প। এছাড়াও, রাশিয়া থেকে ভারত জ্বালানি কেনায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা। এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের ক্রমাগত অবনতি ঘটতে থাকে। এমনকী ট্রাম্প পাকিস্তানের চেয়ে ভারতের উপর বেশি শুল্ক আরোপ করেছিলেন। ভারত এবিষয়ে মৌনতা অবলম্বন করলেও একমঞ্চে দেখা যায় জিনপিং, পুতিন ও মোদিকে। আর তার পরেই যেন সুর পাল্টায় ওয়াশিংটন। ফের একবার ভারতকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে বাণিজ্যিক সম্পর্কের উন্নতিতে জোর দিলেন ডোনাল্ড ট্রাম্প।