পুজোকেন্দ্রিক ব্যবসা বেড়েছে বাংলায়, দাবি রিপোর্টে
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে বড়ো অঙ্কের লেনদেনের আশায় থাকেন ব্যবসায়ীরা। জামাকাপড়, জুতো থেকে শুরু করে গয়নাগাটি বা পুজোর সামগ্রী—চাহিদা থাকে হরেক জিনিসের। বড়ো বাজার, শপিং মল বা নামী বিপণিগুলিতে যেমন উপচে পড়ে ভিড়, তেমনই ছোটো শহরের দোকানগুলিও লক্ষ্মীলাভ থেকে বঞ্চিত হন না। সমানতালে চলে অনলাইন কেনাকাটাও। এবার পুজোকেন্দ্রিক বিক্রিবাটা কেমন হল, একটি রিপোর্ট সামনে এনে তার আভাস দিয়েছে একটি নামজাদা ই-কমার্স সংস্থা। কত টাকার ব্যবসা হল, তার হিসাব না দিলেও, ব্যবসা কতটা বেড়েছে, তার ইঙ্গিত দিতে চেয়েছে তারা। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গতবছরের তুলনায় এবার পশ্চিমবঙ্গে দুর্গাপুজো সংক্রান্ত পোশাক ও প্রয়োজনীয় সামগ্রীর অর্ডার প্রায় ৫৭ শতাংশ বেড়েছে। ক্রেতাদের সবচেয়ে বেশি নজর ছিল ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নতুন জামা, প্যান্ডেল ঘোরার জন্য আরামদায়ক জুতো, আর দশমীর বিদায়বেলার জন্য ধুনুচি ও সিঁদুর। জেলাভিত্তিক হিসাবে বর্ধমানে অর্ডার বেড়েছে ৫৭%, হাওড়ায় ৫৫%, কলকাতায় ৫২% এবং শিলিগুড়িতে ৫০%। শুধু বড়ো শহর নয়, ছোটো শহরেও উৎসাহ ছিল তুঙ্গে, জানাচ্ছে সংস্থাটি। তবে পোশাক কেনার ক্ষেত্রে এবার ভালো বাজার মিলেছে তুলনামূলক ছোটো শহরগুলিতে, এমনটাই জানা গিয়েছে। জামাকাপড় কেনার ক্ষেত্রে প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই ছিলেন ছোটো শহর বা আধা শহরের। এবার সবচেয়ে নজরকাড়া বৃদ্ধি দেখা গিয়েছে সিঁদুরের চাহিদায়। রাজ্যজুড়ে সিঁদুরের অর্ডার প্রায় তিনগুণ বেড়েছে, এমনই দাবি করেছে রিপোর্টটি। গতবছর প্রতি ৪৬ সেকেন্ডে একটি সিঁদুর বিক্রি হত। এবার তা প্রতি ১৮ সেকেন্ডে পৌঁছেছে। সিঁদুরের চাহিদা বৃদ্ধি যে বিজয়া দশমীর সিঁদুর খেলার প্রস্তুতিরই প্রতিফলন, তা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে পুজো সংক্রান্ত সামগ্রীর অর্ডার গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে, বলছে রিপোর্ট। আর সারাদেশে ধুনুচির অর্ডার দ্বিগুণেরও বেশি বেড়েছে। তাতে লাভবান হয়েছেন এরাজ্যের বিক্রেতারাও, এমনটাই দাবি করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্থানীয় বিক্রেতারা সারাদেশে পুজোর সামগ্রী সরবরাহ করেছেন। রাজ্যে দুর্গাপুজো সংক্রান্ত পণ্যের অর্ডার পাওয়া বিক্রেতার সংখ্যা প্রায় ৫৮ শতাংশ বেড়েছে। ‌ই-কমার্স সংস্থার হাত ধরে যত অর্ডার এসেছে, তার প্রতি ১০টির মধ্যে ৬টি অর্ডারই গিয়েছে রাজ্যের বাইরে। সবচেয়ে বেশি চাহিদা ছিল অসম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও ঝাড়খণ্ড থেকে। মহারাষ্ট্রে বৃদ্ধি সবচেয়ে বেশি, প্রায় ৫৪ শতাংশ। রাজ্যের ভিতরেও অর্ডার বেড়েছে ৫৯ শতাংশ। লক্ষ্মীপুজো, কালীপুজো ও দীপাবলি থাকায় কেনাকাটা বাড়বে বলে মনে করা হচ্ছে।

Advertisement